১০ টাকায় ভিআইপি!
সোমবার রাত আটটা। মাদারীপুর থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের কোচটি (ঢাকা মেট্রো-ব-১১-৪৫৩৫) দৌলতদিয়া ঘাটে আসতে আধা কিলোমিটার বাকি। এমন সময় সুপারভাইজার মো. সোহেল চালকের পেছনে দাঁড়িয়ে যাত্রীদের উদ্দেশে বললেন, ‘আমাদের গাড়িটি দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে আর মাত্র পাঁচ মিনিট লাগবে। যদি সবাই ভিআইপি হিসেবে ফেরিতে উঠে নদী পাড়ি দিতে চান, তাহলে এখনই প্রত্যেকে ১০ টাকা করে জমা দেন।’ এ সময় কয়েকজন যাত্রী প্রতিবাদের সুরে বলেন, ঘাটে তো কোনো গাড়ি বা জ্যাম নেই। তাহলে কিসের টাকা দিতে হবে? আর গাড়ি থাকলেই টাকা দিয়ে বাস কীভাবে ভিআইপি করা সম্ভব? জবাবে সোহেল মিয়া বলেন, ‘ঘাটে টাকা দিলে সবকিছুই সম্ভব। টাকাগুলো তুলে এখনই ঘাটে কর্তব্যরত পুলিশ ও বিআইডব্লিউটিসির লোকদের দিতে হবে। এরপর বাসটি আর কোথাও দাঁড়াতে হবে না, সোজা গিয়ে ফেরিতে উঠবে।’ ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি এড়াতে ও ভয়ে টাকাগুলো বের করে দেন যাত্রীরা।ওই কোচের যাত্রী ঢাকার একটি জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক জানান, বাসটি ঘাটে আসার একটু আগে থাকতেই সুপারভাইজার প্রত্যেক যাত্রীর কাছে ১০ টাকা করে দাবি করেন। একরকম জিম্মি করে প্রায় ৪২ জন যাত্রীর কাছ থেকে টাকা আদায় করা হয়। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্ব পাওয়া উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ বলেন, এ ধরনের কোনো নিয়ম নেই। ভিআইপি গাড়ি পার হতে হলে পুলিশ সুপার ছাড়া আর কারও অনুমতি দেওয়ার ক্ষমতা নেই। এমনকি আমি নিজেও পারি না। কোনো প্রতারক চক্র হয়তো এ কাজটি করে থাকতে পারে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, টাকার বিনিময়ে কোনো বাস ভিআইপি হিসেবে পার করার জন্য বিআইডব্লিউটিসির কেউ জড়িত থাকতে পারে না। কোনো প্রতারকচক্র জড়িত আছে কি না, বিষয়টি খোঁজ নিতে হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি ভিআইপি হিসেবে পার করা হয়। সাকুরা পরিবহনের সুপারভাইজার মো. সোহেল মিয়া বলেন, টাকাটা নেওয়া হয়েছিল; পরে ফিরিয়ে দেওয়া হয়েছে। সাকুরা পরিবহনের মহাব্যবস্থাপক আসাদুজ্জামান অজল বলেন, ‘এ ধরনের কোনো সংবাদ আমার জানা নেই। যদি কেউ নিয়ে থাকে, তাহলে সে ভুল করেছে।’