১০ টির নয়টিতেই নেই তাবিথের এজেন্ট!
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২ ও ৫ নম্বর ওয়ার্ডের অধিকাংশ কেন্দ্রেই বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে ওই দুই ওয়ার্ডের ১০ ভোট কেন্দ্র সরেজমিনে দেখা যায়, নয়টি কেন্দ্রে তাবিথ আউয়ালের প্রতীক বাসের কোনো এজেন্ট নেই। কেবল একটি মাত্র কেন্দ্রে তাবিথের এজেন্ট রয়েছেন। তবে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও দলটির অন্যান্য কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট রয়েছেন।
মিরপুর সাংবাদিক আবাসিক কলোনি উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে দেখা যায়, সেখানে বাস প্রতীকের কোনো এজেন্ট নেই। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি জানি না কেন তাঁরা (বাসের এজেন্ট) আসেননি। অন্যরা তো আছেন। আমি এই টুকু বলতে পারি, বেলা ১১টা পর্যন্ত বাসের এজেন্টদের কেউ কাগজপত্র নিতে আসেননি।’
মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়, শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় ও এমডিসি মডেল ইনস্টিটিউট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, সেখানেও তাবিথ আউয়ালের বা বিএনপি সমর্থিত কোনো এজেন্ট নেই। তবে কেন তাঁরা আসেননি, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না।
এমডিসি মডেল স্কুলের পাশেই ছিল তাবিথ আউয়ালের একটি নির্বাচনী ক্যাম্প। সেখানে নাম প্রকাশ না করে তাবিথের এক সমর্থক অভিযোগ করেন, ‘পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভোট কেন্দ্রের পাশে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।’
মিরপুরের আবু তালেব উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ২,৩ ও ৫ নম্বর ওয়ার্ড নিয়ে করা সংরক্ষিত নারী আসনের নারী কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেত্রী মেহেরুননেছা হক অভিযোগ করেন, ‘কোনো কেন্দ্রেই আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নানা ধরনের হুমকি দিচ্ছেন। এ কারণেই আমাদের কোনো পোলিং এজেন্ট নেই। এর পরও আমি শতভাগ আশাবাদী বিজয়ী হব।’