১০ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
রাজধানীর হাজারীবাগ থেকে চামড়াশিল্পের কারখানা সাভারে স্থানান্তরে আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল দেন। আদালত অবমাননার অভিযোগে কেন ওই ১০ ট্যানারি মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা রুলে জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের এ রুলের জবাব দিতে হবে।
২০০৯ সালে হাইকোর্টের এক রায়ে হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প সাভারে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারিশিল্প সাভারে স্থানান্তর করতে হবে। পরে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানো হয়। কিন্তু তারপরও হাইকোর্টের রায় বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
এইচআরপিবির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল আদালত শিল্পসচিবকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যার নির্দেশ দেন। নির্ধারিত দিনে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেন। এরপর গতকাল এ বিষয়ে শুনানি হয়। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শিল্পসচিবের পক্ষে ছিলেন রইস উদ্দিন আহমদ। শুনানি শেষে আদালত রুল দেন।
মনজিল মোরসেদ জানান, এই ১০ ট্যানারি মালিক হলেন: প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন, রানা লেদার ইন্ডাস্ট্রিজের আরেফিন সামছুল আলামিন, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান, জুলেট এন্টারপ্রাইজের মো. সায়েদুল হক মাস্টার, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, সালাম ট্যানারির মো. আবদুস সালাম, করিম লেদার ইউনিট-২-এর রেজাউল করিম আনসারী, মাহিন ট্যানারির আবদুল ওয়াদুদ মিয়া, নবীপুর ট্যানারির আবদুল ওয়াহাব ও এশিয়া ট্যানারির মো. মফিজ মিয়া।