১০ ট্রাক অস্ত্র মামলার রায় ও নথিপত্র সুপ্রিম কোর্টে
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার বিচারিক আদালতের রায় ও নথিপত্র সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। নিম্ন আদালত থেকে রায় ও নথিপত্র আজ বৃহস্পতিবার প্রথমে আদান-প্রদান শাখায় ও পরে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, চোরাচালান মামলার কেস ডকেট ও রায়ের কপিসহ নথিপত্র পৌঁছেছে। রায় ও নথিপত্র ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়েছে। এখন একটি নম্বর পড়বে। পরে ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) পেপারবুক তৈরি করা হবে। আইন অনুসারে মৃত্যুদণ্ডাদেশ হলেও তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে।
আদালত সূত্র জানায়, এখন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টে চারটি বেঞ্চ রয়েছে। এখন ২০০৮ সাল শেষে ২০০৯ সালের ডেথ রেফারেন্স মামলার শুনানি হচ্ছে। আর ৩৯৮টি ডেথ রেফারেন্স বিচারাধীন।
ফৌজদারি আইনজীবীরা জানান, বিচারিক আদালতের রায়ে কারও মৃত্যুদণ্ডাদেশ হলে তা অনুমোদনের জন্য ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে ও বিশেষ ক্ষমতা আইনের বিধান অনুসারে তা অনুমোদনের জন্য হাইকোর্টে আসবে। পেপারবুক হওয়ার পর শুনানি হবে। এ ক্ষেত্রে আসামিদের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে হয়ে থাকে।
গত ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্ত্র আটক মামলার দুটি ধারায় এই ১৪ জনকে যাবজ্জীবন ও সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।