১০ ট্রাক অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার আবেদন
১০ ট্রাক অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এ আবেদনের ওপর আবার শুনানি হবে।
আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে পুনরায় জেরা করার নির্দেশনা চেয়ে এনএসআইয়ের তত্কালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান ১২ জানুয়ারি আবেদনটি করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
পরে খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার নির্দেশনা চেয়ে আবেদনটির ওপর আজ শুনানি হয়েছে। আদালত আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।