স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ১০ ট্রাক অস্ত্র মামলা, সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যা ও যুদ্ধাপরাধ মামলার বিচার এ বাংলার মাটিতেই সম্পন্ন করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ময়েজ উদ্দীনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আমাদের অঙ্গীকার ছিল স্বজনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার করা। গত ২৭ জানুয়ারি কারাবিধি অনুসারে পাঁচ খুনির বিচারের রায় কার্যকর করা হয়েছে। আরও যেসব খুনি দেশের বাইরে রয়েছে, তাদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেন আকন্দের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক সাংসদ আখতারুজ্জামান, শহীদ ময়েজ উদ্দিনের মেয়ে মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ২১ আগস্টে তারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী সে দিন নিহত হয়েছিলেন। ক্ষমতায় থাকাকালে এ হামলা ও মামলা নিয়ে বিরোধী দল তামাশা করেছিল। আজ আদালত ওই হামলার মামলা পুনঃ তদন্তের আদেশ দিয়েছেন। অধিকতর তদন্তে ওই হামলার ঘটনায় জড়িতদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে বিচারের আওতায় আনা হবে।