১০ ট্রাক মামলার রায় নিয়ে কিছু বলতে রাজি নন খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, দেশে বিচারব্যবস্থা থাকবে নাকি র্যা-যৌথ বাহিনীর কিছু অতি-উত্সাহী সদস্য ‘হত্যা’ চালিয়ে যাবেন।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন এ কথা বলেন। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
আজ চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রীসহ ১৪ জনের ফাঁসির আদেশ দেন চট্টগ্রামের একটি আদালত। এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। দলের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল দলের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে।
সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন দাবি করেন, নোয়াখালীর সোনাইমুড়ি থানা বিএনপির নেতা তৌহিদুল ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করেছে। তিনি এই ঘটনায় নোয়াখালীর এসপি আনিসুর রহমানকে অভিযুক্ত করে তাঁর ও জড়িত ব্যক্তিদের অপসারণ ও শাস্তি দাবি করেন।
মাহবুব উদ্দিন বলেন, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা জঙ্গি শাসনের নামান্তর ছাড়া কিছু নয়। তাঁরা আশা করছেন, প্রধানমন্ত্রী সুশাসনের ব্যবস্থা করবেন।
বিএনপির এই নেতা দাবি করেন, গত মঙ্গলবার নোয়াখালীর বিএনপি নেতা তৌহিদ ও ছাত্রদল নেতা ফয়সালকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেন। পরে তাঁকে টিকাটুলি র্যা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়। পরদিন ভোরে নোয়াখালী পাঠিয়ে দেওয়া হয়। তিনি বলেন, তাঁরা আশঙ্কা করছিলেন, তৌহিদকে ক্রসফায়ারে হত্যা করা হতে পারে। এটি না করতে ডিসি, এসপিকে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত গত বুধবার রাতে তৌহিদকে ‘হত্যা’ করা হয়েছে। আজ সকালে স্থানীয় হাসপাতালে কয়েকজন তাঁর লাশ দিয়ে গেছে। অন্যদিকে, ফয়সালকে সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।