১০ দফা দাবি না মানলে ১ জুন থেকে আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা আইন অনুসারে ১০ মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর হস্তান্তরের দাবি জানিয়েছে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। আগামী ৩১ মের মধ্যে এ দাবিসহ ১০ দফা দাবি না মানলে পরিষদ ১ জুন থেকে ঢাকায় আমরণ কর্মসূচি পালন করবে।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করার জন্য সংগঠনের বিভিন্ন সময়ের আন্দোলন কর্মসূচি তুলে ধরেন। তাঁরা বলেন, ১ জুন থেকে আহূত আমরণ অনশন ধর্মঘটের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকেই আলোচনায় এগিয়ে আসা উচিত।পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যমান আইনের ২৫ ধারা ও উপদেষ্টা-সংক্রান্ত ধারা সম্পূর্ণ বাতিল করা। এ ছাড়া পরিষদের প্রধান নির্বাহী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা না রাখা, চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ক্ষমতা সরাসরি ভাইস চেয়ারম্যানদের কাছে হস্তান্তরের সুযোগ রাখা, উপজেলা নির্বাহী অফিসারদের সচিব ছাড়া অন্য কাউকে কোনো কমিটির সভাপতি না করা, সংবিধান ও উপজেলা পরিষদ আইন ২০০৯ লঙ্ঘন করে বিভিন্ন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করা। সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের পদর্মযাদা, কর্মবণ্টন ও সুযোগ-সুবিধাসহ চেয়ারম্যানদের আলাদা আবাসন ও পরিবহন-ব্যবস্থার দাবিও করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, উপজেলা পরিষদের নিয়মাবলি একটি অন্যটির প্রায় অবিকল নকল। এগুলো কোনো কোনো ক্ষেত্রে পরস্পরবিরোধীও বটে। বক্তারা বলেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা, অর্থায়ন, সেবাকর্ম, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক, কর্মচারী ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সর্বজনীন ও মানসম্মত একটি কাঠামো তৈরি করতে হলে স্থানীয় সরকারের বলিষ্ঠ আইন কাঠামো প্রণয়ন করতেই হবে। সংগঠনের সভাপতি আবদুল মজিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আমলাদের চক্রান্ত ও কারসাজির কারণে উপজেলা পরিষদকে কার্যকর করা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঐক্য পরিষদের সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, আফজাল হোসেন খান, আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক মোজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।