১০ দফা দাবিতে উপজেলা চেয়ারম্যানদের মানববন্ধন
উপজেলা পরিষদকে কার্যকর এবং স্থানীয় সরকার শক্তিশালী করাসহ ১০ দফা দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানেরা। তাঁদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে উপজেলা আইন ২০০৯ লঙ্ঘন করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার, উপজেলা আইনের ২৪ ধারা অনুযায়ী ১০টি মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর হস্তান্তরের লক্ষ্যে জারি করা প্রজ্ঞাপন সংশোধন, বিদ্যমান আইনে পরিষদের উপদেষ্টাসংক্রান্ত ১ ও ২ ধারা সম্পূর্ণ বাতিল করা। এ ছাড়া উপজেলার সব দপ্তর অবিলম্বে উপজেলা পরিষদের অধীনে হস্তান্তর করা। সিলেট: উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় সমাবেশে বক্তৃতা করেন বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান, জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, গোলাপগঞ্জের ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম, গোয়াইনঘাটের জামালউদ্দিন, সদর উপজেলার আবুল কাশেম, কানাইঘাটের বদরুজ্জামান ইকবাল, বিশ্বনাথের শোভা আক্তার, জৈয়ন্তাপুরের জয়মতী রানী প্রমুখ।ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলা চেয়ারম্যান বশিরুল্লাহ জুরুর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব ও নবীনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হক সরকার, আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, ইয়াছমিন বেগম, সেলিনা মাহবুব প্রমুখ।