বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ডিন অফিস ঘেরাও করেন। আন্দোলনের কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা দুপুরের পর থেকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোতে কৃষি প্রকৌশল অন্তর্ভুক্তি ও বিভিন্ন ক্ষেত্রে কৃষি প্রকৌশলীদের অধিকার সংরক্ষণ, বিসিএসের মাধ্যমে প্রতিটি উপজেলায় একজন করে কৃষি প্রকৌশলী নিয়োগ, কৃষি উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কৃষি প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণ, প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে সেমিনারের আয়োজনসহ ১০ দফা দাবিতে কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। গত সপ্তাহে তাঁরা দাবি-দাওয়াসংক্রান্ত একটি স্মারকলিপি অনুষদের ডিনের কাছে পেশ করেন। ডিন তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে আর কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তাঁরা ডিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ডিন তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।এরই পরিপ্রেক্ষিতে গতকাল বেলা তিনটার দিকে অনুষদের কয়েক শ শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা ডিনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী বেলাল, ইমন, মান্নান, সোনিয়া, লিজা প্রমুখ।বিক্ষোভ সমাবেশ চলাকালে ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টররা সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা আরও উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকেন। বক্তারা অবিলম্বে তাঁদের দাবি মেনে না নিলে আজ বুধবার থেকে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। পরে উপদেষ্টা, প্রক্টররা আলোচনা সভা করে এর একটা সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সমাবেশ শেষ করে বেলা চারটার দিকে ডিনের কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেন।আলোচনা সভা শেষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের দাবি পূরণে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’ এ জন্য তিনি শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন।