১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অনশন
খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা ১০ দফা দাবিতে গতকাল বুধবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রতীকী অনশন পালন করেছেন।
১০ দফা দাবির উল্লেখযোগ্য হলো বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানিতে রূপান্তর না করা, সরকারিভাবে পাটকে কৃষিপণ্য হিসেবে অন্তর্ভুক্ত, পাটপণ্যের বাধ্যতামূলক মোড়কীকরণ আইন ২০১০ বাস্তবায়ন, পঞ্চাশের দশকে স্থাপিত মিলগুলো বিএমআরআই করা ও চলতি মৌসুমে প্রয়োজনীয় পাট খাতে অর্থ বরাদ্দ করার বিষয়গুলো অন্তর্ভুক্ত।
অনশন কর্মসূচির অংশ হিসেবে খুলনা ও যশোর অঞ্চলের খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই, কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা সকালে মিলের উৎপাদন বন্ধ করে নিজ নিজ মিলের ফটকে সমবেত হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে মিলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। এ সময় মিলের শ্রমিকেরা তাঁদের তিন সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এ সময় শ্রমিকনেতারা বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম ছাড়া শ্রমিকদের অধিকার কখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই শ্রমিকশ্রেণিকে আন্দোলনের মাধ্যমে খুলনাকে অচল করে দিয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিতে হবে।