১০ দফা দাবিতে চা-শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সিলেটের ২২টি চা-বাগানের সমন্বয়ে গঠিত উত্তর সিলেট ভ্যালির চা-শ্রমিকেরা গতকাল রোববার সিলেট-তামাবিল মহাসড়কে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন। মহাসড়কে শোভাযাত্রা শেষে সিলেট সদর উপজেলা মিলনায়তনে সমাবেশ করে তাঁরা ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

মালনীছড়া চা-বাগানের সভাপতি রতিলাল কালোয়ারের সভাপতিত্বে সমাবেশে উত্তর সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, মালনীছড়া চা-বাগানের সর্দার কমিটির সভাপতি দোলন কর্মকার, সাবেক সভাপতি শ্রীবাস মাহালী, দলদলি চা-বাগানের রমেশ মুক্তা ১০ দফা দাবি উপস্থাপন করেন। এই দাবির মধ্যে সবার আগে চা-শ্রমিকদের বর্তমান মজুরি ৮৫ থেকে ৩০০ টাকা করার পক্ষে চা-বাগান প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বরজান চা-কারখনার প্রদীপ ছত্রী, অজিত দেব, বেলা ছত্রী, জয়রাম কুর্মী, খাদিম চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতী প্রমুখ।

সমাবেশে চা-শ্রমিকদের দাবিদাওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ। তিনি চা-শ্রমিকদের প্রতি বর্তমান সরকারের বিশেষ দৃষ্টি আছে জানিয়ে বক্তৃতায় বলেন, ‘যত দিন চা-শ্রমিকেরা থাকবেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা তত দিন আপনাদের পাশে থাকবে। মজুরি বৃদ্ধির জন্য চা-বাগানের মালিকদের সঙ্গে চুক্তি হওয়ার পরও কেন তা বাস্তবায়িত হচ্ছে না, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে।’