১০ দফা দাবিতে চেয়ারম্যানদের মানববন্ধন
বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বানে ১০ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: গাইবান্ধা শহরের ডিবি রোডে সদর উপজেলা পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।পঞ্চগড়: সকালে একই সময়ে তেঁতুলিয়া উপজেলায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে, বোদা উপজেলায় বোদা-পঞ্চগড় মহাসড়কে এবং দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড়-দেবীগঞ্জ জেলা সড়কের ট্রাফিক মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মংলা (বাগেরহাট): বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন শেষে মংলা পোর্ট পৌরসভা চত্বরে উপজেলা চেয়ারম্যান মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম, মংলা পোর্ট পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. শফিকুর রহমান প্রমুখ।