
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের শ্রমিকেরা গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে শুরু হয়েছে এই ধর্মঘট। এতে বন্ধ হয়ে গেছে তৃতীয় ইউনিটের নির্মাণকাজ।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের নির্মাণকাজে অংশ নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং মেশিনারি কোম্পানি (এনইপিসি) স্থানীয় শ্রমিকদের ৮ ঘণ্টার জায়গায় ১০ ঘণ্টা করে কাজ করিয়ে নেয়। কিন্তু অতিরিক্ত বেতন দেয় না। শ্রমিকদের সামান্য ত্রুটি হলেই তারা মারধরসহ নানাভাবে শারীরিক নির্যাতন করে। এর প্রতিবাদ জানালে কথায় কথায় চাকরিচ্যুত করা হচ্ছে শ্রমিকদের।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, চীনা ঠিকাদারের সহযোগী স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান জহির ট্রেডার্স, আফতাব ট্রেডার্স ও মেসার্স লিটন, মেসার্স শফি প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা উৎকোচ নিয়ে কাজ দিয়েছে। তাঁদের বেতন মাসিক ১৮ থেকে ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও দেওয়া হচ্ছে মাত্র ৬ থেকে ৭ হাজার টাকা।
শ্রমিকেরা আরও অভিযোগ করেন, কয়েক দিন আগে শেরপুর গ্রামের নয়ন রায়, বিশ্বজিৎ রায়সহ ১০ জনকে বিনা কারণে ছাঁটাই করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার চীনা কর্মকর্তা মকবুল নামের এক শ্রমিককে সামান্য ত্রুটির কারণে মারপিট করেছেন। প্রকল্পের শুরুতে ৬০০ জন শ্রমিক কাজ করলেও এখন রয়েছে মাত্র ৫০০ জন। বাকিদের ছাঁটাই করা হয়েছে।
শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে আছে শ্রম আইন অনুযায়ী শ্রমিক অধিকার নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি, প্রত্যেক শ্রমিকের কর্ম ভেদে মাসিক ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বেতন-ভাতা প্রদান, আহত শ্রমিকদের চিকিৎসা ভাতা প্রদান, শ্রমিক রেশন চালুকরণ, শ্রমিকদের খাওয়ার পানি সরবরাহ এবং শ্রমিকদের দিয়ে নিম্নমানের কাজ করানো বন্ধ করা।
এদিকে দাবি বাস্তবায়নের জন্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যাম্পাসে গতকাল সকাল থেকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মো. রমজান আলী, মো. সাদ্দাম হোসেন, মো. বেলাল হোসেন প্রমুখ।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত জহির উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।