১০ দফা দাবিতে ফটকে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-সংকট নিরসন ও পরীক্ষাগার স্থাপনসহ ১০ দফা দাবিতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষক-সংকট চলছে। এ ছাড়া হোস্টেল, বাস-অ্যাম্বুলেন্স, খাওয়ার পানি ও নিরাপত্তার সংকট আছে। এসব সমস্যা সমাধানে বারবার কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল সকালে তাঁরা দাবি-দাওয়া নিয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁকে পাননি। পরে জ্যেষ্ঠ শিক্ষকদের কাছে গেলে তাঁরাও সমস্যার সমাধানের ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব দেননি। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ১০ দফা দাবিতে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন।
কর্মসূচির কারণে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। বিকেলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করেন।
১০ দফা দাবির মধ্যে রয়েছে অ্যানাটমি, ফরেনসিক, প্যাথলজি, মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজি বিভাগে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ।
উপাধ্যক্ষ বাপ্পা গৌতম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক। ইতিমধ্যে পানি সরবরাহের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব দাবি বাস্তবায়ন করা হবে। তিনি জানান, মঙ্গলবার (আজ) কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে আলোচনা হবে।