১০ দফা দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনার বিচার এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী শিক্ষক ও কর্মকর্তারা।শিক্ষক-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গত সোমবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামানের নেতৃত্বে উপাচার্যপন্থী শিক্ষক-কর্মকর্তারা শহীদ মিনারের সামনে সমবেত হন। পরে তাঁরা বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলাকারীদের বিচার, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, অচলাবস্থা দূর করাসহ ১০ দফা দাবি জানান।ওই কর্মসূচিকে প্রক্টরিয়াল বডির অপকর্ম ও উপাচার্যের দুর্নীতিকে আড়াল করার অপচেষ্টা বলে দাবি করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিবৃতিতে তাঁরা ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহার, গ্রেপ্তার করা পাঁচ ছাত্রের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।সংক্ষিপ্ত সেমিস্টার পদ্ধতি চালু, অযোগ্য (তৃতীয় শ্রেণী প্রাপ্ত) শিক্ষকদের অপসারণসহ আট দফা দাবিতে গত ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। পরদিন ১৮ জুলাই থেকে তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করতে থাকেন। গত ২৮ জুলাই থেকে শিক্ষার্থীরা আট দফা দাবির সঙ্গে প্রক্টরিয়াল বডির অপসারণের দাবি যুক্ত করেন। গত বুধবার প্রক্টরসহ কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। এরপর শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ৩৫-৪০ জন ছাত্রের বিরুদ্ধে মামলা করেন। একই সঙ্গে পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার ও এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেন। পুলিশ পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে।