১০ দফা দাবিতে শিক্ষক সমিতির স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা ১০ দফা দাবি আদায়ে স্মারকলিপি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনের পক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার আবু তাহের মো. সামসুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।
সংগঠনটির দাবিগুলো হলো, প্রধান শিক্ষকের জন্য জারি করা উন্নীত বেতন স্কেল বাস্তবায়ন; পদোন্নতিবঞ্চিত জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগের ব্যবস্থা; সহকারী শিক্ষকদের নবম গ্রেডে নিয়োগ ও ওই পদ থেকে প্রাথমিক শিক্ষায় পৃথক ক্যাডার চালু; কেবল সহকারী শিক্ষক পদে উচ্চশিক্ষিত মেধাবীদের নিয়োগ করে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ সৃষ্টি; একই পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত একীভূত শিক্ষাব্যবস্থা চালু করা; অষ্টম শ্রেণি পর্যন্ত চালু সব প্রাথমিক বিদ্যালয়ে অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু; প্রতিটি বিদ্যালয়ের দুজন করে শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং কম্পিউটার, ল্যাপটপসহ পাঠদানের উপকরণ সরবরাহ; প্রতিটি বিদ্যালয়ে একজন অফিস সহকারী নিয়োগ; সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি; আইএলও এবং ইউনেসকো সনদ অনুযায়ী প্রাথমিক শিক্ষা-সম্পর্কিত কমিটিতে বৈধ শিক্ষক সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষক আকবর আলী, রহমতুল্লাহ, রেজাউল ইসলাম, মো. শাহাবুদ্দিন, রেজাউল কবির, আজিম উদ্দীন, আবদুর রহমান, রেজাউল হক, জহির উদ্দীনসহ শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।