১০ দফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা আবাসন সংকট সমাধানসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তাই তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে আবাসন সংকট দূরীকরণে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেওয়া, সেশনজট নিরসন, হলসহ পুরো ক্যাম্পাসে শর্তহীন ইন্টারনেট সুবিধা, মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএর সীমা ২.৭৫ করা।
শিক্ষার্থীরা জানান, সকালে অবস্থান কর্মসূচি শুরুর পর তাঁদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করে স্মারকলিপি দেয়। উপাচার্য শিক্ষার্থীদের দাবি পর্যায়ক্রমে মানার কথা বললেও এ বিষয়ে লিখিত কিছু দিতে অস্বীকার করেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তর থেকে বেরিয়ে এসে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
দুপুর ১২টার দিকে প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমানের নেতৃত্বে উপাচার্যের প্রতিনিধিরা শহীদ মিনার চত্বরে এসে শিক্ষার্থীদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের মৌখিক আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে লিখিত অঙ্গীকার দাবি করেন এবং দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে আবারও দেখা করে। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন।
উপাচার্য এম অহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রছাত্রীদের সব দাবিই যৌক্তিক। কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, তা নিয়ে আমরাও চিন্তাভাবনা করছি। কিছু সমস্যা আছে, যার সমাধানে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যগুলোর বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেষ্টা অব্যাহত আছে।’