বিস্ফোরক ও ট্রেড লাইসেন্স ছাড়া পেট্রলপাম্পের জন্য অন্য কোনো লাইসেন্স গ্রহণে চাপ প্রয়োগ বন্ধ করা, মালিক সমিতির ছাড়পত্র ছাড়া নতুন পাম্প স্থাপন করতে না দেওয়া, ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেলের মান ঠিক রাখাসহ ১০ দফা দাবি জানিয়েছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা। ২৮ আগস্টের মধ্যে এসব দাবি না মানলে ২৯ আগস্ট ডিপো থেকে তেল না তুলে ও পরিবহন না করে তাঁরা ধর্মঘট পালন করবেন। দাবি না মানলে লাগাতার জ্বালানি ধর্মঘটেরও হুমকি দিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ী নেতারা।
গতকাল শনিবার দুপুরে খুলনা নগরের খালিশপুরের ট্যাংক-লরি ওনার্স ভবনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। খুলনা ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির বিভাগীয় সভাপতি আবদুল গফ্ফার বিশ্বাস।
জ্বালানি তেল ব্যবসায়ীদের অন্য দাবিগুলো হচ্ছে বেসরকারি রিফাইনারি থেকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা, পাম্পের প্রবেশদ্বারে কোনো প্রকার ইজারা বাবদ ফি নেওয়া বন্ধ করা, এনার্জি রেগুলেটরি কমিশন, পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিএসটিআইয়ের দেওয়া লাইসেন্স গ্রহণে পাম্পগুলোকে বাধ্য না করা।
লিখিত বক্তব্যে গফ্ফার বিশ্বাস বলেন, ট্রেড ও বিস্ফোরক লাইসেন্স থাকলে অন্য লাইসেন্স এই ব্যবসার জন্য জরুরি না। এই দুটি লাইসেন্স থাকার পরও আরও আট-নয়টি সংস্থা তাঁদের কাছ থেকে লাইসেন্স নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এতে জ্বালানি তেলের ব্যবসা শিগগির কঠিন সংকটে পড়বে।
তিনি আরও বলেন, পর্যবেক্ষণ ও তদারকি না থাকায় পেট্রল, ডিজেল, কেরোসিন বিভিন্ন হাত ঘুরে খোলাবাজারে বিক্রি হচ্ছে। রিফাইন ছাড়া জ্বালানি তেল কম মূল্যে কিনে বিভিন্ন ধরনের বোতলে করে বিক্রি হচ্ছে। কোনো কোনো স্থানে সরকার অনুমোদিত পেট্রলপাম্পের পাশেই কম মূল্যে বিক্রি করা হচ্ছে এ তেল। ফলে পেট্রলপাম্প ব্যবসায়ীরা চরমভাবে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তদারকি অথবা পর্যবেক্ষণ ছাড়া এ অবস্থা চলতে থাকলে সরকার-নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা সম্ভব হবে না। এ জন্য তদারকি ও পর্যবেক্ষণ বাড়ানো দরকার।
সংবাদ সম্মেলনে খুলনা ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিমসহ দুই সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। একই দাবিতে গত ২৮ মার্চ আধা বেলা ধর্মঘটের সময় বিভাগের ১০ জেলায় তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল।