১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের নাম-পরিচয় সরকারকে জানানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঈদের ছুটির পর গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষাপ্রতিষ্ঠান-গুলোকে দেওয়া এই নির্দেশের কথা জানান মন্ত্রী।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রীর বক্তব্যের পর শিক্ষা মন্ত্রণালয় গতকাল বিকেলে এক অফিস আদেশ জারি করেছে। এতে বলা হয়, যুক্তিসংগত কারণ ছাড়া ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের শনাক্ত করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনার পর অনুপস্থিতির কারণ সন্দেহজনক হলে লিখিতভাবে ওই শিক্ষার্থীর তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এই তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসককে (ডিসি) অবহিত করবেন। মহানগর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ডিসির কাছে তথ্য দেবে। আর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত রেখে ডিসির কাছে দেবে। তথ্য পাওয়ার পর ডিসি পরবর্তী ব্যবস্থা নেবেন।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করবে ও কোনো শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ সন্দেহজনক হলে অভিভাবকদের সঙ্গে আলোচনা করবে। ইউজিসি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের আওতাভুক্ত প্রতিষ্ঠানের এসব কার্যক্রম তদারকি করবে।
এদিকে ঢাকা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কারও সন্তান নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি করে রেডিও, টেলিভিশন ও পত্রপত্রিকার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে উঠতি বয়সী শিক্ষার্থীদের আচার-আচরণ ও চলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে।