১০ দিন আগেই ভারত আক্রমণের ইঙ্গিত দেন ইয়াহিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে যুদ্ধ শুরুর প্রায় ১০ দিন আগেই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভারত আক্রমণের আভাস দিয়েছিলেন। মদ্যপ অবস্থায় এক মার্কিন সাংবাদিকের সঙ্গে বৈঠকে তিনি এই মনোভাব ব্যক্ত করেছিলেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে গতকাল সোমবার এ কথা বলা হয়েছে।সম্প্রতি নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া দলিলপত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনটিতে বলা হয়, নিউ ইয়র্কার পত্রিকার সাংবাদিক বব শ্যাপলের সঙ্গে (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে) এক বৈঠকে জেনারেল ইয়াহিয়া খান বলেন, তিনি ১০ দিনের মধ্যে ভারত আক্রমণে অগ্রসর হবেন।বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ইয়াহিয়া তাঁর সুস্থ ভাবনার আড়ালে ওই মন্তব্য করলেও (যেহেতু বক্তব্যদানকালে মাতাল অবস্থায় ছিলেন) ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলা চালানোর মধ্য দিয়ে তা সত্যে পরিণত হয়। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যায় এ আক্রমণ চালানো হয়। এরপরই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর প্রতিক্রিয়ায় এই বিমান হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যায়িত করেন। ইসলামাবাদের এই হামলার জবাবে ওই দিন মধ্যরাতেই ভারত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে সমন্বিত আক্রমণ পরিচালনা করে।ভারতে নিয়োজিত তৎকালীন মার্কিন দূত কেনেথ বার্নার্ড কিটিং পরদিন নয়াদিল্লির পররাষ্ট্রসচিবকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান। এ সময় মার্কিন দূত তাঁকে সাংবাদিক বব শ্যাপলেকে দেওয়া ইয়াহিয়া খানের বক্তব্যের বিষয়ে অবহিত করেন। পিটিআই।