১০ দিন ইলিশ শিকার বন্ধ রাখার নির্দেশ
সরকারের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রজনন নির্বিঘ্ন করতে কাল শুক্রবার থেকে ২৪ অক্টোবর ১০ দিন উপকূলীয় এলাকায় ইলিশ শিকার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে হঠাৎ করেই পটুয়াখালীর উপকূলীয় এলাকার কাছাকাছি ও সাগর মোহনাসংলগ্ন নদীগুলোতে ব্যাপকহারে ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে। স্থানীয় জেলেরা বলছেন, এক সপ্তাহ ধরে এসব এলাকায় ডিম ছাড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে।পটুয়াখালী জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০০৭ সালে মৎস্য বিভাগ ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের উপকূলীয় এলাকার চারটি প্রধান প্রজননস্থলে নির্দিষ্ট সময় ইলিশ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করে। পয়েন্টগুলো হলো পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী (আন্ধারমানিক নদীর অববাহিকা), ভোলার উত্তর তজমুদ্দিনের পশ্চিম সৈয়দ আউলিয়া পয়েন্ট, চট্টগ্রামের মিরসরাইয়ের শাহেরখালি-হাইতকান্দি পয়েন্ট ও কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া-গণ্ডামারা পয়েন্ট। সাধারণত, প্রতিবছর আশ্বিনী পূর্ণিমার জোয়ারের সময় ইলিশ ডিম ছাড়ে। তাই ওই ১০ দিন এসব পয়েন্টে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।পটুয়াখালীর জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মো. ফারুক হোসেন জানান, এবার সচেতনতা সৃষ্টির জন্য তাঁরা জেলেদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছেন। আজ বৃহস্পতিবার জেলার দশমিনার হাজিরহাট থেকে চরঘূর্ণি পর্যন্ত তেঁতুলিয়া নদীতে জেলেদের সচেতন করতে নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মৎস্য বন্দর ও জেলেপল্লিতে জেলেদের নিয়ে সচেতনতা সভার আয়োজন করা হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরা এ ব্যাপারে সহায়তা করবেন।এদিকে হঠাৎ করে পটুয়াখালীর নদ-নদীতে ব্যাপক হারে ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। নিম্নচাপের প্রভাবে গত বুধবার থেকে টানা চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারের কারণে উপকূলীয় এলাকায় ইলিশ শিকার বন্ধ থাকলেও গত বোরবার থেকে বিভিন্ন হাট-বাজারে ব্যাপক হারে ডিমওয়ালা ইলিশ দেখা যাচ্ছে।মির্জাগঞ্জের জেলে হাবিব ফরাজি বলেন, তাঁরা পায়রা নদীতে সাইন জাল দিয়ে ইলিশ ধরতেন। এর আগে সারা রাত জাল ফেলে চার থেকে ছয়টি ইলিশ পেতেন। কিন্তু তিন-চার দিন ধরে নদীতে ব্যাপক হারে ইলিশ ধরা পড়ছে। ২৫ থেকে ৩০টি করে ইলিশ পাচ্ছেন জেলেরা। তবে সব ইলিশই ডিমওয়ালা এবং সাইজও খুব বড়। পায়রাগঞ্জ ফেরিঘাটের মায়েরদোয়া মৎস্য আড়তের মালিক জালাল ফরাজি জানান, কয়েক দিন ধরে যে হারে ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে, তাতে শিকার বন্ধ রাখার নির্দিষ্ট সময়ের কয়েক দিন আগে থেকে ইলিশ শিকার বন্ধ রাখতে পারলে আরও ভালো হতো। এলাকার জেলেরা এখনো অনেকে জানেন না কবে থেকে ইলিশ ধরা নিষিদ্ধ।