১০ দিন ধরে নিখোঁজ ছাত্রদলের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ছাত্র ও ছাত্রদলের নেতা শামীম হাসান ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, র‌্যাব পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিষয়টি স্বীকার করেনি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে পরিবার এ অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তাঁর মা হাসিনা মমতাজ ও ভাই সাইমুন ইসলাম। সংবাদ সম্মেলনে সাইমুন ইসলাম বলেন, রাজধানীর হাতিরপুল এলাকার মোতালেব প্লাজার সামনে থেকে র‌্যাব-৩-এর পরিচয়ে কিছু লোক শামীমকে ধরে নিয়ে যায় বলে সেখানকার প্রত্যক্ষদর্শী কিছু দোকানদার তাঁকে এ তথ্য দিয়েছেন। শামীমের নিখোঁজ হওয়ার বিষয়ে ৩ ডিসেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।সাইমুন বলেন, গত ২৮ নভেম্বর রাত ১০টার দিকে মুঠোফোনে শামীমের সঙ্গে কথা হয়। সে সময় তিনি শাহবাগ এলাকায় অবস্থান করছেন বলে জানান। এর পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।শামীম ২০০০-০১ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদে ভর্তি হন এবং ২০০৮ সালে স্নাতক সম্মান শেষ করেন। তিনি ছাত্রদলের মাস্টারদা সূর্য সেন হল শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. সোহায়েল প্রথম আলোকে বলেন, র‌্যাব এই নামে কাউকে আটক করেনি। তিনি বলেন, এটা এক ধরনের অপপ্রচার।