বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পটি বিকল হওয়ায় ১০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীর স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোংরা ও ভাগাড়ে পরিণত হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ।
রোগী, চিকিৎসক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, কালকিনি ও বাবুগঞ্জের ২০০ থেকে ৩০০ রোগী প্রতিদিন ৫০ শয্যাবিশিষ্ট গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়ে থাকে। স্থানীয় আবদুল বারেক, নজরুল ইসলামসহ ছয়-সাতজন বলেন, এখানে সব সময় রোগীর প্রচণ্ড ভিড় থাকে। ভর্তি রোগীদের সঙ্গে থাকে তাদের পরিচর্যাকারী শতাধিক স্বজন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, নার্স, কর্মচারীদের ৬টি আবাসিক ভবনে ২০টি পরিবার বসবাস করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক শামীম হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রতিদিন ৫ দশমিক ৫ অশ্বশক্তির একটি পানির পাম্প দিয়ে দুই বেলা (সকাল-বিকেল) ৩০ থেকে ৪০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এই পাম্পের পানি দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এবং আবাসিক ভবনের বাসিন্দাদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করা হতো। কিন্তু ৩ মে সকালে পাম্পটি আকস্মিক বিকল হয়ে যায়। এরপর থেকে পানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী মাহিনুর বেগম বলেন, ১০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্দশার মধ্যে দিন কাটছে তাঁদের। পানির অভাবে টয়লেট, গোসল সম্পন্ন করতে পারছেন না তাঁরা। আশপাশ থেকে শুধু খাবার পানি সংগ্রহ করে কোনোমতে দিন কাটাচ্ছেন।
রোগী জাহিদুল ইসলাম, রোগীর স্বজন রুপা আকতার ও মুক্তা বেগম বলেন, পানি সরবরাহ না থাকায় তাঁদের গোসল, খাওয়াসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় পানি না থাকায় টয়লেট নোংরা হয়ে গেছে। এতে চরম দুর্গন্ধ ছড়িয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ অসহনীয় হয়ে পড়েছে। কবে পানি সরবরাহ স্বাভাবিক হবে, তা-ও জানে না কর্তৃপক্ষ। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা বলেন, আবাসিক ভবনগুলোতে পানি সরবরাহ না থাকায় রান্না, হাঁড়ি-পাতিল ধোয়া, গোসল এবং টয়লেট ব্যবহারে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বাইরে থেকে সামান্য খাবার পানি সংগ্রহ করে কোনোমতে দিন কাটছে তাঁদের।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কবির হোসেন দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পানি সরবরাহের চেষ্টা অব্যাহত রয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, গত বছর সেখানে নতুন পাম্প স্থাপন করা হয়েছিল, সেটি বিকল হওয়ায় সেখানে আবার নতুন পাম্প স্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পানির সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ পাম্প সচল হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।