১০ দিন ধরে ভোগান্তি তিন হাজার মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী বাজার এলাকায় চোরেরা দুটি ট্রান্সফরমার চুরি করেছে। ফলে ওই এলাকার প্রায় তিন হাজার মানুষ ১০ দিন ধরে গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কবে নাগাদ তাঁরা বিদ্যুৎ পাবেন, সেটাও তাঁরা জানেন না।
এলাকার অনেকে জানান, গত ২৫ মে রাতে চোরেরা দেউলী বাজার এলাকার ওই দুটি ট্রান্সফরমার চুরি করে। এর মধ্যে তারা একটি ট্রান্সফরমারের কিছু অংশ বাজারের পাশে পাটখেতে ফেলে যায়। তারা অপর ট্রান্সফরমারের পুরোটাই নিয়ে যায়। এ কারণে এ গরমে দেউলী বাজার ও পাশের মন্ডলপাড়া গ্রামের ওই মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বাজারের বিদ্যুতের ওপর নির্ভরশীল অনেক ব্যবসায়ীর বেচাকেনা বন্ধ হয়ে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যকেন্দ্রে গিয়ে মানুষকে ফিরে আসতে হচ্ছে।
উপজেলার দেউলী মন্ডলপাড়া গ্রামের আনিছুর রহমান বলেন, ‘১০ দিন হলো বিদ্যুৎ নেই, ফ্যানও ঘোরে না। মাঝেমধ্যে মনে হয় গরোমত জানডা ব্যার হয়্যা যাবি। কোনো রকমে গামছা ভিজা শরীর মুছ্যা রাখিচ্ছি।’
দেউলী বাজারের ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, ‘বারবার হামরা এটি-ওটি কাকুতি-মিনতি করিচ্ছি। কিন্তু হামাকের কথা আর কে শোনে। খালি কয় ভালো করার চেষ্টা করা হচ্ছে।’
কেব্ল ব্যবসায়ী সুবল চন্দ্র বর্মণ বলেন, বিদ্যুৎ না থাকায় মানুষ টেলিভিশন দেখতে পারছেন না।
মন্ডলপাড়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, ‘এ হাঁসফাঁস গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় ঘরে টেকা দায়। ঘরে-বাইরে এ পরিস্থিতিতে এক-একটা দিন যে কীভাবে কাটছে, তা বলে বোঝানো যাবে না।’
দেউলীর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘আমি এলাকার মানুষের এ দুর্দশার কথা উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় বলেছি, মোকামতলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে চেষ্টা করেছি। যত দ্রুত সম্ভব পারা যায় ট্রান্সফরমার স্থাপনের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।’
পল্লী বিদ্যুৎ সমিতি মোকামতলা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুলতান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নতুন করে ট্রান্সফরমার বসাতে কিছু নিয়ম আছে। এলাকাবাসীকে তা বলে দেওয়া হয়েছে। আশা করছি, অচিরেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।’