নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরা ও চরচেঙ্গা রুট
১০ দিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট ও চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট—এই দুই রুটে ১০ দিন ধরে দুটি সি-ট্রাক চলাচল করছে না। এতে নোয়াখালীর মূল ভূখণ্ডে যাতায়াতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ও স্পিডবোটে মেঘনা নদী পার হচ্ছেন। এতে আর্থিকভাবেও তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হাতিয়া থেকে নোয়াখালীর মূল ভূখণ্ডে চলাচলের জন্য বর্তমানে সি-ট্রাকের সংখ্যা দুটি। গত ২৮ মে থেকে এই সি-ট্রাক দুটির চলাচল বন্ধ রয়েছে। সি-ট্রাক দুটির পরিচালনাকারীর (চার্টার এজেন্ট) দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে চলাচল বন্ধ রাখতে হচ্ছে।
এই দুই রুটে চলাচলকারীরা জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’র সতর্কসংকেতের কারণে ২৮ মে থেকে চেয়ারম্যানঘাট-নলচিরা রুটের সি-ট্রাক শেখ ফজলুল হক মণি ও চরচেঙ্গা রুটের সি-ট্রাক শহীদ আবদুর রব সেরনিয়াবাতের চলাচল বন্ধ রাখা হয়। এর দুই দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও সি-ট্রাক দুটিকে আর চালানো হয়নি। ফলে বাধ্য হয়ে ওই দুই রুটের যাত্রীরা ট্রলার ও স্পিডবোটে যাতায়াত করছেন। সি-ট্রাক না থাকায় চরচেঙ্গা ঘাটের যাত্রীরাও নলচিরা ঘাটে এসে নৌযানে উঠছেন। এই সি-ট্রাক দুটির প্রতিটির ধারণক্ষমতা ৩০০।
নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাটে আসা যাত্রী রমেশ চন্দ্র মজুমদার প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে জরুরি কাজে নোয়াখালী সদরে যেতে তিনি ঘাটে এসে দেখেন, সি-ট্রাক চলাচল করছে না। পরে বাধ্য হয়ে স্পিডবোটে ৪০০ টাকা ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে চেয়ারম্যানঘাটে এসেছেন। সি-ট্রাকে আসতে পারলে তাঁর খরচ হতো ৯০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী জানান, চেয়ারম্যানঘাট থেকে ট্রলারে নলচিরা ঘাটে যেতে ট্রলারে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হয় ১৫০ টাকা আর স্পিডবোটে নেওয়া হয় ৪০০ টাকা। এই টাকা থেকে সি-ট্রাকের চার্টার এজেন্টের প্রতিনিধি একটি অংশ কেটে নিচ্ছেন। এতে করে সি-ট্রাক চলাচল বন্ধ থাকলেও চার্টার এজেন্টের তেমন লোকসান হচ্ছে না। নিরীহ যাত্রীদের পকেট কাটা হলেও কেউ সাহস করে প্রতিবাদ করছেন না।
যাত্রীদের এই অভিযোগ অস্বীকার করেছেন সি-ট্রাকের চার্টার এজেন্ট গোলাম মাওলা। প্রথম আলোকে তিনি বলেন, কারও কাছ থেকে তিনি কোনো টাকা নেননি। সি-ট্রাক দুটির জন্য বিআইডব্লিউটিসিকে তাঁর প্রতি মাসে ১১ লাখ টাকা ভাড়া পরিশোধ করতে হয়। সি-ট্রাক বন্ধ রাখলে তাঁর নিজেরই লোকসান।
গোলাম মাওলা আরও বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাক দুটি বিকল হয়ে পড়ে। এর মধ্যে নলচিরা-চেয়ারম্যানঘাট রুটের সি-ট্রাকটি মেরামত করা হয়েছে। চরচেঙ্গা রুটের সি-ট্রাকটি বিআইডব্লিউটিএর ডকে মেরামতের জন্য পাঠাতে হবে। সেটি মেরামত হয়ে আসতে আরও কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত যাত্রীদের কিছুটা কষ্ট স্বীকার করতে হবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে চার্টার এজেন্টকে বিকল সি-ট্রাক দ্রুত মেরামত করে আনতে বলা হয়েছে।