১০ দিন ধরে হাতিয়ায় তীব্র বিদ্যুৎসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি জেনারেটরের মধ্যে তিনটি জেনারেটর বিকল হওয়ায় গত ১০ দিন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তীব্র বিদ্যুৎসংকট চলছে। হাতিয়ার অর্ধেক গ্রাহকই ২৪ ঘন্টার মধ্যে গড়ে মাত্র তিন ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন। এতে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) হাতিয়া কার্যালয় সূত্র জানায়, জেনারেটরের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতই এখানকার গ্রাহকদের একমাত্র ভরসা। দ্বীপ উপজেলাটিতে বিদ্যুতের বর্তমান গ্রাহক ১ হাজার ৫৮২ জন। এখানে বিদ্যুতের চাহিদা প্রায় দেড় মেগাওয়াট। স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে বর্তমানে পাঁচটি জেনারেটর রয়েছে। এর মধ্যে দুইটি জেনারেটর কয়েক মাস আগে থেকে অকেজো হয়ে পড়ে। একটি জেনারেটর অকেজো হয়ে যায় ১০ দিন আগে। এই জেনারেটরটি বিকল হওয়ার পর বিদ্যুতের সংকট তীব্র হয়ে ওঠে। জেনারেটরটি থেকে প্রতিদিন গড়ে ৩০০ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।

সূত্র আরও জানায়, বর্তমানে সচল থাকা জেনারেটর থেকে মাত্র ৫১০ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ শুধু সরকারি দপ্তরে এবং উপজেলা সদরের ওছখালী বাজারের একটি অংশে সরবরাহ করা হয়। আর বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত রেশনিং করে বিভিন্ন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে উপজেলার একেকটি লাইনে গড়ে তিন ঘন্টার বেশি বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় না।

বিউবোর হাতিয়া কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মশিউর রহমান বিদ্যুৎসংকটের কথা স্বীকার করে বলেন, গত বছর দুটি নতুন জেনারেটর সরবরাহ করা হয়। কিন্তু জেনারেটরগুলো দফায় দফায় অচল হওয়ায় এখানকার বিদ্যুৎসংকটের উন্নতি হচ্ছে না। বর্তমানে পাঁচটি জেনারেটরের মধ্যে দুটি সচল আছে। আরও একটি জেনারেটর দু-একদিনের মধ্যে সচল করার চেষ্টা চলছে।