১০ দিন ধরে ১২ ইউপি কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যানের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে ১০ দিন ধরে নাটোর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে তালা ঝুলছে। এতে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচিসহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত রয়েছে উপজেলার প্রায় তিন লাখ মানুষ।গত বুধবার উপজেলার ১২টি ইউনিয়নে গিয়ে দেখা যায়, সব ইউনিয়ন পরিষদ ভবনে তালা ঝুলছে। তাই চলমান অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি বন্ধ রয়েছে। এই কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুই হাজার ৫৭৭ জন শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তেবাড়িয়া ইউনিয়নের সুবিধাভোগী শ্রমিক আনছার আলী বলেন, ‘পরিষদ বন্ধ থাকায় আমাদের কাজও বন্ধ রয়েছে। ঋণ করে চলছি।’ এ ছাড়া টেস্ট রিলিফ ও ভিজিডি কর্মসূচি বন্ধ রয়েছে। পরিষদ থেকে বিভিন্ন সনদ দেওয়াসহ সেবাও বন্ধ রয়েছে।নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘আমরা অবিলম্বে ইউপির চেয়ারম্যানদের পরিষদ সচল করার তাগিদ দিয়েছি। তাদের দাবি-দাওয়া আমরা পূরণ করার চেষ্টা করছি।’১৩ নভেম্বর সদর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্রহ্মপুর ইউপির চেয়ারম্যান আফজাল হোসেনকে মারধর করায় ওই দিন থেকেই চেয়ারম্যানরা নিজ নিজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরের দিন এক সমাবেশে ইউপি চেয়ারম্যান ফোরামের নেতারা ঘোষণা দেন, অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁরা তালা খুলবেন না। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।