১০ দিন পর অনশন ভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীরা দীর্ঘ ১০ দিন পর গতকাল মঙ্গলবার অনশন ভঙ্গ করেছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা কথা বলার পর শরবত পান করিয়ে তাঁদের অনশন ভঙ্গ করান। স্নাতক সম্মান ডিগ্রির পরিবর্তে স্নাতক প্রকৌশল ডিগ্রির দাবিতে ১৪ মে টাঙ্গাইল শহীদস্মৃতি পৌর উদ্যানে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছিলেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সহ-উপাচার্য মো. মনিরুজ্জামান, প্রক্টর মুহাম্মদ উমর ফারুক, এফটিএনএস বিভাগের চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ফজলুর রহমান খান এবং কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল হাজারী অনশনস্থলে যান। তাঁরা শিক্ষার্থীদের আশ্বাস দেন, তাঁদের দাবির বিষয়টি পুনরায় যাচাই করে দেখার ব্যাপারে ‘পর্যালোচনা কমিটি’ গঠনের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন। এ ছাড়া দীর্ঘ ১১ মাস ধরে আন্দোলনের ফলে বিভিন্ন সময় যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানানো হয়।উপাচার্যসহ অন্যরা শিক্ষার্থীদের আগামী রোববার থেকে ক্লাসে যোগদানের অনুরোধ জানান। গত ১১ মাসে লেখাপড়ার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত ক্লাসসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁরা শিক্ষার্থীদের জানান।এ ব্যাপারে আন্দোলনকারীদের পক্ষ থেকে আবদুল্লাহ আল হাদী বলেন, ‘জেলা ও পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পর্যালোচনা কমিটি গঠন করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় অনশন ভঙ্গ করেছি। আমরা রোববার থেকে ক্যাম্পাসে যাব। তবে প্রকৌশল ডিগ্রির দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে যোগ দেব না।’