১০ দিন পর কবর থেকে স্কুলছাত্রীর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল গ্রামের স্কুলছাত্রী তসলিমা আক্তারের (১৩) লাশ ১০ দিন পর গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কবর থেকে উত্তোলন করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ১১ মে উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী তসলিমা বিকেলে প্রাইভেট পড়তে যায়। এ সময় রোজারঘোনা এলাকার বাসিন্দা আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং ওই স্কুল কমিটির সদস্য এনামুল হকের ছেলে মো. ইমরানুল হকের নেতৃত্বে তিন বন্ধু তসলিমাকে অপহরণ করেন। পরে ইমরানুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণ করে দুই দিন পর নিজের বাড়িতে নিয়ে গেলে তাঁর মা তসলিমাকে শারীরিক নির্যাতন করে তাড়িয়ে দেন। এরপর তসলিমা নিজ বাড়িতে এসে মাকে যৌন নির্যাতনের বর্ণনা দেওয়ার পর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে তসলিমা মারা যায়। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা জেলা প্রশাসনের বরাবরে লাশ উত্তোলনের আবেদন করেন। ১০ দিন পরে ধর্ষণের আলামত সংগ্রহের জন্য গতকাল হ্নীলার দরগাপাড়া কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজীর নের্তৃত্বে লাশটি উত্তোলন করা হয়।