১০ দিন পর হালকা যানবাহন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে অচল হয়ে পড়ার ১০ দিন পর যানবাহন চলাচল শুরু হয়েছে রাঙামাটি–মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে। ছবিটি গতকাল বুধবার দুপুরে সড়কের মোনতলা কিজিং এলাকা থেকে তোলা l সুপ্রিয় চাকমা
পাহাড়ধসে অচল হয়ে পড়ার ১০ দিন পর যানবাহন চলাচল শুরু হয়েছে রাঙামাটি–মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে। ছবিটি গতকাল বুধবার দুপুরে সড়কের মোনতলা কিজিং এলাকা থেকে তোলা l সুপ্রিয় চাকমা

১০ দিন বন্ধ থাকার পর ফের হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক। গতকাল বুধবার সকাল থেকে এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই টানা বৃষ্টিতে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের দুটি অংশ ধসের কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে খামারপাড়া এলাকায় অন্তত ৬০ ফুটজুড়ে সড়কে ধস দেখা দেয়। এর দুই কিলোমিটার দূর মোনতলা কিজিং এলাকায় সড়কের মাটি সরে যায়। গত ১৩ জুনের পাহাড়ধসে সড়কের এই দুই অংশ ধসে গিয়েছিল। সে সময় ৩৩ দিন বন্ধ ছিল সড়কটি।

গতকাল বুধবার দুপুরে মোনতলা কিজিং এলাকায় গিয়ে দেখা যায়, ভাঙন এলাকায় সড়কের একপাশে মাটি ভরাটের কাজ চলছে। অন্য পাশ খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। খুলে দেওয়া অংশ দিয়ে চলছে মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেল।

অটোরিকশাচালক বিনয় জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, সড়ক এখনো পুরোপুরি যানবাহন চলাচলের উপযোগী হয়নি। ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কে দ্রুত ইট বসানো না হলে বৃষ্টি হলেই আবার ভরাট করা মাটি সরে যাবে।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী অর্ধেন্দু বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ (গতকাল বুধবার) যানবাহন চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দিয়েছি। এত দিন পানিনিষ্কাশনের ব্যবস্থা ও সরে যাওয়া মাটি ভরাটের কাজ চলছে। তবে এখনো সড়ক নিরাপদ নয়। বৃষ্টি না হলে ভাঙন স্থানে ইট বিছানো হবে। সব কাজ শেষ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। তখন আর কোনো ঝুঁকি থাকবে না। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কটি উন্মুক্ত করা হয়েছে। যানবাহন চলাচলের ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করা যাবে।’