১০ দিন পানির সংকটে রায়পুর পৌরবাসী
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে ১০ দিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অব্যাহত লোডশেডিংয়ের কারণে জলাধারের পানি পাম্প দিয়ে তুলতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে শহরে বসবাসকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হোটেল-রেস্তোরাঁয় লোকজন বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছেন। অনেক পরিবার বাজার থেকে পানি কিনে চাহিদা মেটাচ্ছে। পৌরসভা সূত্র জানায়, রায়পুর পৌর এলাকার প্রায় ২০ হাজার মানুষের প্রতিদিন ১৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারের এ পানি তুলতে হলে প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন। কিন্তু রায়পুর উপজেলায় দৈনিক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে দুই-তিন ঘণ্টা। এতে উচ্চ জলাধারের মাত্র তিন-চার লাখ লিটার পানি তোলা সম্ভব হয়। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে ২ আগস্ট উচ্চ জলাধার ট্যাংকে পানি তোলা সম্ভব হচ্ছে না। ওই দিন থেকে শহরে পানির সংকট দেখা দিয়েছে।সিনেমা হল রোডের বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, ‘এক বেলা ভাত না খেয়ে থাকা যায়, কিন্তু পানি ছাড়া থাকা যায় না।’ রমজান মাসে পানির এ সংকটের কারণে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। শহরের পুকুরগুলো ভরাট করে ফেলায় পানির সংকট দিন দিন বাড়ছে। মধ্যবাজারের বাসিন্দা স্কুলশিক্ষিকা মমতাজ বেগম বলেন, ‘পানি না থাকলে পুরুষেরা বাইরে গিয়ে গোসল করতে পারে। কিন্তু আমরা তো আর বাইরে গিয়ে পানির চাহিদা মেটাতে পারি না। অনেক সময় বাসায় রান্না-বান্নার কাজও করা যায় না। এমনকি টয়লেট ব্যবহার করতেও ভোগান্তি পোহাতে হয়।’রায়পুর পৌরসভার পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক মো. আতাউল মাসুদ পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অব্যাহত লোডশেডিংয়ের কারণে চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।রায়পুর পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘আমরাও পানির সমস্যায় ভুগছি। প্রতিদিন এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে চার ঘণ্টা লোডশেডিং করা হয়। নোয়াখালী গ্রিড চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। রায়পুরে বিদ্যুতের চাহিদা রয়েছে সাত-আট মেগাওয়াট; কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র এক মেগাওয়াট। এতে এ সমস্যার সৃষ্টি হয়েছে।’