১০ দিন বন্ধ থাকবে মগবাজার ফ্লাইওভারের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনভোগান্তি কমাতে ঈদের আগে ও পরে মোট ১০ দিন মগবাজার ফ্লাইওভারের নির্মাণ কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

একই সঙ্গে ঈদকে সামনে রেখে ঢাকায় যানজট নিরসনের লক্ষ্যে ওয়াসাকে রাজধানীতে সব ধরনের রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। খবর বাসসের। 

আজ মঙ্গলবার সকালে মগবাজার সিগন্যাল এলাকায় মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান ওবায়দুল কাদের। সেখানে যানজটের ভয়াবহতা দেখে তাত্ক্ষণিকভাবে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ‘ঈদের আগে সাতদিন এবং পরে তিনদিন ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখলে আশা করি ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধা হবে এবং ওয়াসার কাজেরও তেমন কোনো অসুবিধা হবে না।’

এ প্রসঙ্গে তিনি মগবাজার ফ্লাইওভার নির্মাণকারী কনস্ট্রাকশন কোম্পানির স্বত্ত্বাধিকারীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান।

ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে ১১ জুলাই বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের সভা ডাকা হয়েছে এবং সভায় ঈদ উপলক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রী জানান।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের রাস্তা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। অতিবর্ষণে যে সব সড়কে সমস্যা হচ্ছে তাতে প্রকৃতই কিছু করার থাকে না। কারণ অতি বর্ষনের ফলে রাস্তার বিটুমিন উঠে যায়। তবে, রাস্তায় ওভার লোড বন্ধে হাইওয়ে পুলিশসহ সড়ক ও জনপথের ২১টি মনিটরিং টিম কাজ করছে। 
যোগাযোগমন্ত্রী বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সকল ইঞ্জিনিয়ারদের ছুটি বাতিল করা হয়েছে। তাদের এখন কোনো ঘুম নেই। সব ইঞ্জিনিয়ারই এখন রাস্তায়।’