মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন এবং ত্রাণ তৎপরতা সমন্বয়ে সরকার কর্মসূচি নিয়েছে। সরকারি সংস্থা, উন্নয়ন অংশীদার এবং এনজিওগুলোর কাজে আরও সমন্বয় আনতে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে গতকাল শুক্রবার একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত ১৪ হাজার আশ্রয়স্থল নির্মাণে কুতুপালংয়ের কাছে ২ হাজার একর জমি ব্যবহার করা হবে। প্রতিটি আশ্রয়স্থলে ৬টি পরিবারের থাকার ব্যবস্থা করা হবে। সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, বিআরআরসি, কক্সবাজার জেলা প্রশাসন, ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং অন্যান্য সংস্থা আগামী ১০ দিনের মধ্যে এসব আশ্রয়স্থল নির্মাণ করবে।
ত্রাণসামগ্রী মজুত ও রক্ষণাবেক্ষণে আশ্রয়স্থলের কাছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ১৪টি গুদাম নির্মাণ করবে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় জেলা প্রশাসন এ কাজে সমন্বয় করবে। বিদেশ থেকে পাঠানো ত্রাণসামগ্রী গ্রহণ করবে সশস্ত্র বাহিনী বিভাগ। তারা ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসকের নির্ধারিত গুদামে পৌঁছে দেবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্রাণসামগ্রী গ্রহণ, পরিবহন ও গুদামজাতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে। যথাযথভাবে বিতরণের জন্য নতুন আশ্রয়স্থলগুলো পৃথক ব্লকে বিভক্ত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউএফপি অন্যান্য অংশীদার ও সংস্থার সহযোগিতায় আগামী চার মাসে চার লাখ শরণার্থীর খাদ্য সরবরাহের ব্যবস্থা করবে। খাদ্য বিতরণের সময় নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এতে বলা হয়, এনজিও, বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করতে হবে। পরে জেলা প্রশাসক এসব ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করবেন। ত্রাণ কার্যক্রমের জন্য এনজিওগুলোকে এনজিওবিষয়ক ব্যুরোর অনুমতি নিতে হবে।