বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ঘুমের ইনজেকশনের মাধ্যমে নেশায় আসক্ত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শুধু পৌর এলাকার পোঁওতা গ্রামের দুই শতাধিক যুবক এই নেশায় আক্রান্ত হয়েছেন। ১০ দিনে সান্তাহারে মাদকাসক্ত চারজন মারা গেছেন। শহরের বিভিন্ন গ্রাম ও বস্তি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মাদকাসক্ত আরও ৮-১০ জন মৃত্যুর প্রহর গুনছেন। শহরের বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি হচ্ছে ভারতীয় ঘুমের ইনজেকশন।জানা গেছে, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের দাম অনেক বেড়ে যাওয়ায় মাদকসেবীরা কম দামে ডায়াজিপাম গ্রুপের বিভিন্ন নামের ভারতীয় ইনজেকশন ব্যবহার শুরু করেছে। ভারতীয় ইনজেকশনের পাশাপাশি মাদকসেবীরা এই গ্রুপের দেশীয় ইনজেকশনও ব্যবহার করছে। মাদকাসক্ত হয়ে ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শহরের লোকো কলোনির আনোয়ার হোসেন (৩৫), হলুদঘর এলাকার ডাবলু (৩২) পোঁওতা গ্রামের ইমতিয়াজ আলী (৩৫) ও ঘোড়াঘাটের আনিসুর রহমান (৩০) মারা গেছেন।পোঁওতা গ্রামের বাসিন্দা মনসুর রহমান বলেন, যেভাবে এই মরণনেশা ছড়িয়ে পড়েছে, তাতে কারো সন্তানই নিরাপদ নয়। মৃত আনিসুরের বড় ভাই আবদুর রশিদ জানান, আনিসুর শহরের লোকো কলোনি এলাকার মাদক ব্যবসায়ী হেলালের বাড়িতে গিয়ে ভারতীয় ঘুমের ইনজেকশন গ্রহণ করতেন। এ কারণে তাঁর শরীরের অনেক জায়গার মাংস পচে গিয়েছিল।শহরের লোকো কলোনির বাসিন্দা নিয়ামত আলী বলেন, কলোনির অধিকাংশ যুবক ঘুমের ইনজেকশনের নেশায় আক্রান্ত। এ ছাড়া তাঁর মহল্লায় পাঁচ-ছয়টি বাড়িতে এই ইনজেকশন অবাধে পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন হিলি সিমান্ত দিয়ে রেলপথে বিপুল পরিমাণ ভারতীয় ঘুমের ইনজেকশন সান্তাহার শহরসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। সান্তাহার বসুন্ধরা বস্তির নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক ব্যবসায়ী জানান, প্রতিটি ভারতীয় সিউপিগিসিক (ডায়াজিপাম গ্রুপ) ইনজেকশন তাঁরা স্থানীয় ওষুধের দোকানে পাঁচ-ছয় টাকায় বিক্রি করেন। আর দোকানিরা একেকটি ইনজেকশন মাদকসেবীদের কাছে ২০-২৫ টাকায় বিক্রি করেন।ওই মাদক ব্যবসায়ী আরও জানান, সান্তাহার শহরের অধিকাংশ ওষুধের দোকানে এই ইনজেকশন পাওয়া যায়। এ ছাড়া লোকো পশ্চিম কলোনির কয়েকটি বাড়িতে পাইকারি দরে এই ইনজেকশন পাওয়া যায়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া মাদক বিক্রেতা হেলালের স্ত্রী বিলকিস জানান, শতাধিক যুবক তাঁর বাড়িতে এসে এই ইনজেকশন কেনেন এবং গ্রহণ করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম বলেন, অতিরিক্ত মাত্রায় ঘুমের ইনজেকশন গ্রহণের কারণে নেশাগ্রস্ত এসব ব্যক্তি মারা যাচ্ছেন। বগুড়ার সিভিল সার্জন আবদুল হক বলেন, চিকিৎসাপত্র ছাড়া এ ধরনের ইনজেকশন কেনাবেচা চরম অপরাধ। কোনো দোকানদারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাঁর লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মাহাবুব আলম বলেন, শহরের বিভিন্ন বস্তি থেকে নেশাসামগ্রী গোটা শহরে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি ওষুধের দোকান থেকে অবাধে ঘুমের ইনজেকশন বিক্রি হওয়ার কারণে অবস্থা সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। গত কয়েক মাসে প্রায় ৫০ জন মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছে থেকে ১০০ ইনজেকশন উদ্ধার করা হয়েছে।