১০ দিনে ছয় বসতঘর পুড়িয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মখিয়াঘোনা এলাকায় গত ১০ দিনে ছয়টি বসতঘর পুড়িয়ে দিয়েছে মুখোশপরা দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন, চাঁদার দাবিতে মুখোশপরা দুর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়েছে। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, মখিয়াঘোনা এলাকাটি পাহাড়ি জনপদ। ওই এলাকার আবদুল মান্নানের ঘরটি টিনের চালার। তাঁর কাছ থেকে ১৯ জানুয়ারি সন্ধ্যায় মুখোশধারী ৮-১০ জন দুর্বৃত্ত ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দেওয়ায় পরদিন ২০ জানুয়ারি সন্ধ্যায় তাঁর ঘরটিতে আগুন ধরিয়ে দেয়।
২২ জানুয়ারি ছনের চালার ঘরের মালিক মোস্তফা খাতুনের কাছ থেকে দুই হাজার টাকা দাবি করে দুর্বৃত্তরা। তিনিও চাঁদা না দিলে তাঁর ঘরটি পুড়িয়ে দেয় মুখোশপরা দূর্বৃত্তরা। একইভাবে মো. পেঠানের ঘর ২৩ জানুয়ারি, মো. হানিফ ও দেলোয়ারে ঘর ২৯ জানুয়ারি, নূর হোছাইনের ঘর ৩০ জানুয়ারি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, তাঁরা ১০ হাজার টাকা করে চাঁদা দিয়েছেন। চাঁদা না দিলে মুখোশপরা দুর্বৃত্তরা বাড়িঘর জ্বালিয়ে ভাঙচুর চালায়।
হারবাং ইউপির চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ মুখোশপরা দুর্বৃত্ত কর্তৃক ছয়টি বসতঘর পুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শীত নিবারণের জন্য কিছু কম্বল দেওয়া হয়েছে।