১০ দিনে ছয় সড়কে ডাকাতি, আতঙ্ক
রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জের বিভিন্ন সড়কে একের পর ডাকাতির ঘটনা ঘটছে। গত ১০ দিনে ছয়টি সড়কে পৃথক ডাকাতির ঘটনায় পথচারীদের কাছ থেকে আটটি মোটরসাইকেল, ১৯টি মুঠোফোন, ১৩টি বাইসাইকেল ও ৩৯ হাজার টাকা লুটে নিয়েছে ডাকাতেরা।সড়কে রশি টেনে ওই ডাকাতির ঘটনা ঘটানো হয়। পুলিশ ডাকাতি হওয়া কোনো মালামাল এখনো উদ্ধার করতে পারেনি। এসব ডাকাতির ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গেছে, গত শনিবার মধ্যরাতে রংপুর-সৈয়দপুর মহাসড়কের চিকলী এলাকায় ডাকাতি হয়। ডাকাতেরা রশি টেনে গতি রোধ করে তারাগঞ্জ উপজেলার শেরমস্ত গ্রামের ব্যবসায়ী শাহীন চৌধুরী (৩৫) ও রতন রায়কে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও সাড়ে পাঁচ হাজার টাকা লুটে নেয়। তাঁদের রক্তাক্ত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ নিয়ে গত ১০ দিনে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তেরমাইল, বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চিলাপাক, বদরগঞ্জ-লালদিঘী সড়কের চাপড়ার ব্রিজ ও আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসা এবং বদরগঞ্জ-রংপুর সড়কের এরশাদ ব্রিজের কাছে ডাকাতি হয়। ডাকাতেরা দৈনিক মানবজমিন-এর বদরগঞ্জ প্রতিনিধি রমজান আলী সরকার ও ছাত্রদলের সাবেক নেতা আবু সায়েমকে কুপিয়ে তাঁদের দুটি মোটরসাইকেলসহ পাঁচটি মোটরসাইকেল, অন্তত ২৮ জন পথচারীর কাছ থেকে ১৯টি বাইসাইকেল, মুঠোফোন ও টাকা লুটে নেয়। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকসহ কয়েকজনকে আটকিয়ে দুটি মোটরসাইকেল লুটে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়কে ডাকাতির ঘটনায় একটি মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে শিগগিরই আমরা ভালো ফলাফল আশা করছি।’