১০ দিনে পাঠাতে হবে ৪৮ হাজার হজযাত্রী
ঢাকায় সৌদি দূতাবাস থেকে গতকাল বুধবার পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৩১৭ হজযাত্রী ভিসা পেয়েছেন। ভিসার জন্য সৌদি দূতাবাসে হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার আজই শেষ দিন। অথচ এখনো ৭ হাজার ১৩ হজযাত্রীর পাসপোর্ট জমাই পড়েনি। আজকের মধ্যে পাসপোর্ট জমা না দিলে তাঁরা ভিসা পাবেন না।
এদিকে রাজধানীর আশকোনায় হজ কার্যালয় থেকে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত সৌদি আরবে গেছেন ৬৮ হাজার ৫১২ জন। বাংলাদেশ থেকে সৌদি আরবের সর্বশেষ ফ্লাইটের আর ১০ দিন বাকি। এই সময়ে ৪৮ হাজার ৮০৫ হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
ফ্লাইটের সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনস ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা। বাকি ১০ দিনে এত সংখ্যক হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে চ্যালেঞ্জ হবে মনে করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি বলছে, আগামী ১০ দিনে এত সংখ্যক হজযাত্রী পরিবহন করা সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা আছে। এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, তাঁরা হজযাত্রী পাঠানোর জন্য প্রস্তুত। তবে এখনো প্রতিদিন বিমানের ফ্লাইটগুলো কম যাত্রী নিয়ে (আন্ডারলোডে) যাচ্ছে। বিমান যাত্রী কম পাচ্ছে। শেষের দিকে গিয়ে চাপ আরও বাড়বে বলে তাঁর আশঙ্কা। এক দিনে এত সংখ্যক পাসপোর্ট জমা পড়া সম্ভব কি না, এমন প্রশ্নে হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো বিষয় না। এক দিনে ১২ হাজার পাসপোর্টও সৌদি দূতাবাসে পাঠিয়েছি। শেষ দিনে পাসপোর্ট জমা হওয়ার ওপর সব নির্ভর করছে।’
হজ কার্যালয় বলছে, প্রতিবছরের মতো এবারও কিছু শতাংশ হজযাত্রীর ড্রপআউট থাকতে পারে। এটা সর্বোচ্চ ৫ শতাংশ হয়। কিছু হজযাত্রী স্বেচ্ছায়, অসুস্থতায় অথবা অন্যান্য কারণে হজে যাওয়া বাতিল করেন। এবারও কিছু হজযাত্রী শেষ পর্যন্ত না-ও যেতে পারেন। এজেন্সিগুলো ৭ হাজার হজযাত্রীর পাসপোর্ট কেন এখনো হজ কার্যালয়ে জমা দেয়নি, জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, ‘শতভাগ হজযাত্রী কোনো বছরই যায় না। কোটা কখনোই পূরণ হয় না। এটা সম্ভবও না। যাঁরা যাবেন, তাঁরা আজকের মধ্যেই পাসপোর্ট জমা দেবেন। তবে আমাদের কাছে এখনো কোনো খারাপ সংবাদ নেই।’
বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ১৯ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৭টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে। গতকাল সৌদির চারটি ও বিমানের ছয়টি ফ্লাইটে ৩ হাজার ৮০০ হজযাত্রী সৌদি পৌঁছান। এদিন কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি। তবে বিমানের একটি ফ্লাইট প্রায় ছয় ঘণ্টা দেরিতে ছেড়েছে। এ ছাড়া বিমানের সকালের দুটি ফ্লাইটে ৮৩৮ সিটের বিপরীতে ৪০৭ জন হজযাত্রী গিয়েছেন। হজ কার্যালয়ের হিসাবে ভিসা নিয়ে যাত্রার অপেক্ষায় আছেন ৫১ হাজার ৬৭৩ জন। ভিসা হওয়া সত্ত্বেও হজ এজেন্সিগুলো কেন হজযাত্রীদের সৌদি পাঠাচ্ছে না তা জানতে গত সোমবার ১৪৪টি হজ এজেন্সিকে তলব করে ধর্ম মন্ত্রণালয়। এজেন্সিগুলো ওই বৈঠকে মন্ত্রণালয়কে হজযাত্রার পরিকল্পনা লিখিত আকারে জমা দেয়।
বৈঠকের ব্যাপারে সাইফুল ইসলাম বলেন, এজেন্সিগুলো হজযাত্রী পাঠানোর পরিকল্পনা জমা দিয়েছে। কোনো কোনো এজেন্সি আবার টিকিট ও পে অর্ডারও পেশ করেছে। হজযাত্রী পরিবহনে আর কোনো অসংগতি হবে না। ফ্লাইট বাতিল হবে না।