
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে ২০০ বছরের পুরোনো একটি স্থাপনাসহ তিনটি গ্রামের ১২০টি পরিবারের বসতবাড়ি পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। বাকিরাও ভাঙনের হুমকিতে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।
ইউপি চেয়ারম্যান শেখ মো. মনিরুজ্জামান বলেন, নদীর পানি বাড়ার সময় ভাঙনের তীব্রতা খুব বেশি ছিল। মাঝখানে কয়েক দিন ভাঙন কিছুটা কম ছিল। ১০–১২ দিন ধরে ভাঙন আবার বেড়েছে। ভাঙনের হাত থেকে বাঁচতে হলে স্থায়ী পদক্ষেপ নিতে হবে।
গত শুক্রবার সকালে উড়াকান্দা, লালগোলা ও নয়নসুখ এলাকায় গিয়ে দেখা যায়, লোকজন বসতবাড়ি ভেঙে ও গাছপালা কেটে রাস্তার ওপর স্তূপ করে রেখেছেন। বড় গাছগুলো বিক্রির জন্য শহরে নিয়ে যাচ্ছেন। পাকা ভবনের ইট তোলা হচ্ছে। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটির অবশিষ্টাংশ রক্ষার জন্য বালুর বস্তা ফেলা হচ্ছে। বিদ্যালয়টি থেকে আধা কিলোমিটার দূরে মিয়াবাড়ির ২০০ বছরের পুরোনো ভবন। সেটির কিছু অংশ নদীতে চলে গেছে। সেটি দেখতে এসেছেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান।
সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, ২০০ বছরের পুরোনো ভবনটি অনেক ইতিহাসের সাক্ষী। ভবনটি পদ্মার করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে।
ভবনটির বাসিন্দা ফরিদা আক্তার বলেন, ‘আমার দাদাশ্বশুর প্রায় ২০০ বছর আগে দালানটি নির্মাণ করেন। তখন পদ্মা নদী অনেক দূরে ছিল। গত কয়েক বছরে পদ্মার ভাঙন মারাত্মক আকার ধারণ করে। এ সপ্তাহে ভবনের অনেকখানি পদ্মায় চলে গেছে। নানা স্মৃতিবিজড়িত ভবনটি ভাঙা হয় নাই।’
বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী সামসুদ্দিনের বসতবাড়ির অনেকখানি জায়গা ইতিমধ্যে নদীতে চলে গেছে। তিনি তাঁর বাড়ির মূল ভবনটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘পদ্মা ভাঙতে ভাঙতে একদম কাছে চলে এল। বাড়িটি রক্ষার জন্য তেমন উদ্যোগই নিতে পারলাম না। প্রতিদিন নদীপাড়ের মানুষের বসতভিটা পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে। নিজের বাড়ি সরানোর কাজে ব্যস্ত থাকায় ঠিকমতো মানুষের খোঁজখবর নিতে পারছি না।’
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, পদ্মার পানি দেড় সপ্তাহ আগে থেকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনের পরিমাণ বেড়ে গেছে। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট ভবনটি রক্ষার জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে বালুর বস্তা ফেলা হচ্ছে। এলাকাটি রক্ষার জন্য আপাতত প্রকল্প নেই। তাদের প্রধান কাজ হচ্ছে শহর রক্ষা বাঁধ রক্ষা করা। তবে এই এলাকা স্থায়ীভাবে রক্ষা করার জন্য ৫০ কোটি টাকা প্রয়োজন। আর পুরো অঞ্চলটি রক্ষার জন্য প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নুরুল নবী বলেন, এলাকাটি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে দরপত্রের মাধ্যমে কাজ শুরু করা যাবে।