১০ দিনে ৪৫০ পরিবারের ঘরবাড়ি মেঘনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলায় মেঘনার ভাঙনে গত ১০ দিনে প্রায় ৪৫০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এসব পরিবারের সদস্যরা এখন মানবেতর জীবন যাপন করছে। এ ছাড়া গত শনিবার সন্ধ্যায় মেঘনার ভাঙনে মাটির চাইন (চাকা) ভেঙে পড়ে মুক্তা (৯) নামের এক মেয়ে নিখোঁজ রয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চাইন ভেঙে চারজন নিখোঁজ হলো।

মুক্তা উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের আবুল কালাম ব্যাপারীর মেয়ে। মেয়েকে হারিয়ে মুক্তার মা আমেনা শোকে দিশেহারা।

উপজেলার রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের ঢালির খাল থেকে পূর্ব-ইলিশা ইউনিয়নের তেমাথা পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকার অধিকাংশ জায়গা চলতি মৌসুমে ভাঙনে বিলীন হয়েছে। এতে দুই কিলোমিটার মহাসড়ক, দুই কিলোমিটার চডারমাথা-মেহেন্দিগঞ্জ সড়ক, দুটি ফেরিঘাট, সি-ট্রাকঘাট, ঢাকা-বিশ্বরোডের মাথা লঞ্চঘাট, ইসলামি ফাউন্ডেশন হাসপাতাল, দুটি সরকারি গুচ্ছগ্রাম, পাঁচটি মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, দুই হাজার বাড়িঘরসহ কয়েক শ একর ফসলি জমি-বাগান মেঘনায় বিলীন হয়েছে। বন্ধ আছে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল। শুধু ঈদের দিন থেকে গতকাল রোববার পর্যন্ত এই ১০ দিনেপ্রায় ৪৫০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এসব পরিবার দক্ষিণ রাজাপুর, চডারমাথা, কালুপুর, তালতলা, তেমাথা ও বিশ্বরোডের মাথা গ্রামের।

দক্ষিণ রাজাপুর গ্রামের আমির হোসেন বলেন, ‘কানতে কানতে আমগো দুইডা ঈদ গেছে। মাইনষে আনন্দ করে, আর আমরা পানির লগে যুদ্ধ করতাছি।’

উত্তর ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক সাঈদ আলী বলেন, ভাঙনের তীব্রতা ঈদের পরে আরও বৃদ্ধি পেয়েছে। ভাঙনে ঘর বাড়ি জমি ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত মানুষ হাতের মুঠোয় জীবন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এসব মানুষের পুনর্বাসন করা জরুরি। এ ছাড়া আমরা সিসি ব্লক ফেলে সেনাবাহিনী দিয়ে নদীভাঙন প্রতিরোধের আন্দোলন করছি। কিন্তু সরকার একনেকে প্রকল্প পাস করছে না।

পাউবোর ভোলা নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, মেঘনাতীরে ভোলার অন্তত ১১ কিলোমিটার স্থায়ীভাবে সিসি ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ করা জরুরি। পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প নকশা জমা আছে, আরেকটি প্রকল্প নকশা জমা দেওয়া হচ্ছে। একনেকে এ দুটি প্রকল্প পাস হওয়া জরুরি। পাস হলে শীতে কাজ শুরু হবে।

ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘ভাঙনের তীব্রতায় রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। পাউবো চেষ্টা করেও ভাঙন প্রতিরোধ করতে পারেনি। আমরা এ পর্যন্ত প্রায় ৪০ লাখ ৫৫০ হাজার টাকা ও ৪০০ মেট্রিক টন চাল পেয়েছি। এর মধ্যে ৩৬ লাখ ৯৫ হাজার টাকা ও ৩৯৫ মেট্রিক টন চাল বিতরণ করেছি। আর মাটির চাইন ভেঙে যারা মেঘনায় নিখোঁজ হয়েছে, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’