নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ও ইটালী ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যায় ডুবে থাকায় শিয়াল তাদের নিরাপদ আশ্রয় হারিয়েছে। এরা প্রায়ই লোকালয়ে চলে এসে হাঁস-মুরগি ধরে খাচ্ছে। এ কারণে গত ১০ দিনে ৬২টি শিয়ালকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন।
এ ঘটনায় প্রকৃতিপ্রেমী বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।
উপজেলা বন বিভাগ সূত্রে জানা যায়, চলনবিলের মাঝে ডাহিয়া ও ইটালী ইউনিয়ন। এবারের বন্যায় এই দুই ইউনিয়নের গ্রামগুলোর ফসলের জমি ও ঝোপঝাড় পানিতে ডুবে যায়। এর ফলে শিয়াল নিরাপদ আশ্রয় হারিয়ে লোকালয়ে চলে আসে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, শিয়াল হাঁস-মুরগি ধরে খেয়ে ফেলছে। সুযোগ পেলে সাধারণ মানুষকেও কামড়ে দিচ্ছে। গত শুক্রবার রাতে শিয়ালের কামড়ে আহত হয়ে বকুল হোসেন (২৫) নামের এক ব্যক্তি সিংড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই রাগে-ক্ষোভে তাঁরা গত ১০ দিনে এ দুটি ইউনিয়নে অন্তত ৬২টি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে। গত ২৩ ও ২৪ আগস্ট শুধু শ্রিখোল গ্রামেই ২০টি শিয়াল মারা হয়েছে। খবর পেয়ে বন কর্মকর্তা মাহবুব আলম এসব এলাকায় গিয়ে সাধারণ মানুষকে শিয়াল না মারার পরামর্শ দিচ্ছেন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদেরও শিয়াল রক্ষায় ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।
মাহবুব আলম বলেন, এই প্রাণীকে বাঁচতে দেওয়া উচিত। ডাহিয়া ইউনিয়নের সদস্য মকলেছুর রহমান বলেন, শিয়াল না মারার জন্য তাঁরা জনসচেতনতা চালাচ্ছেন।
এ ব্যাপারে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উদ্বেগ প্রকাশ করেছেন। সাইফুল বলেন, নির্বিচারে শিয়াল মারা হলে এ এলাকা শিয়ালশূন্য হয়ে পড়বে। এতে প্রকৃতির ভারসম্য নষ্ট হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ তালুকদার বলেন, এলাকাবাসীকে এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি কেউ এভাবে শিয়াল মারেন, তাহলে তাঁর বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।