১০ দিনে ৭৫০ জন রোগী ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবির হাসপাতালে ১০ দিনে ৭৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত লোকজনের মধ্যে শিশুর সংখ্যা বেশি।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর মতলব হাসপাতালের প্রশাসনিক সূত্র জানায়, ১৫ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ভর্তি হয় ৫০ জন। গত বছর এই সময়ে প্রতিদিন গড়ে ভর্তি হয়েছিল ৬৯ জন। গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত ভর্তি হয়েছে ৩১ জন।

গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের উপচে পড়া ভিড়। হাসপাতালের বহির্বিভাগও ডায়রিয়ার রোগীতে ঠাসা। চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই গ্রামের গৃহবধূ রাহিমা বেগম (২০) বলেন, ‘ঘন ঘন পাতলা পায়খানা ও বমি অওনে গত শুক্রবার এনো আইছি। হেরা খাওনের স্যালাইন দিছে। শরীলেও স্যালাইনও দিছে। ওষুধ খাওয়াইছে। আইজ কিছুডা ভালা লাগতাছে।’

চিকিৎসকেরা বলেন, ভর্তি হওয়া রোগীদের মধ্যে শূন্য থেকে দুই বছর বয়সী শিশু আছে ৩৮৭ জন। দুই থেকে পাঁচ বছর বয়সী শিশু ৬০ জন ও পাঁচ থেকে ১৪ বছর বয়সী শিশু ২৮ জন। ১৫ বছর বা এর বেশি বয়সী ২৭৫ জন। এর মধ্যে তিন ভাগ রোগীর অবস্থা বেশি খারাপ।

হাসপাতালে ভর্তি আছে পাঁচ বছরের তৌহিদ। তার মা খুকী আক্তার বলেন, শনিবার দুপুরে তাঁরা তৌহিদকে হাসপাতালে ভর্তি করেন। তাঁর ছেলের পাতলা পায়খানা হচ্ছিল আর কিছুই খাচ্ছিল না। ডাক্তারেরা তৌহিদকে ওষুধ দিয়েছে। এখন সে কিছুটা ভালো।

হাসপাতালের প্রশাসনিক সূত্র আরও জানায়, রোগীর মধ্যে চাঁদপুর জেলা সদরের ৯৭ জন, ফরিদগঞ্জের ৭২, হাইমচরের ১০, হাজীগঞ্জের ৪৭, কচুয়ার ৪৭, মতলব উত্তরের ৪৬, মতলব দক্ষিণের ৬০ ও শাহরাস্তির ২৮ জন আছে। কুমিল্লার বিভিন্ন এলাকার আছে প্রায় ২১০ জন। লক্ষ্মীপুর সদরের ৪৭ জন, রায়পুরের ৩৬ ও রামগঞ্জের ১৯ জন আছে। বাকি রোগীরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর চাটখিল ও শরীয়তপুরের সখীপুর উপজেলার।

আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, ময়লাযুক্ত, খোলা খাবার খাওয়া ও দূষিত পানি পান করায় এ রোগের বিস্তার ঘটেছে। শূন্য থেকে ছয় মাস বয়সী আক্রান্ত শিশুদের স্যালাইন ও মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। সাত মাস থেকে দুই বছর বয়সী শিশুদের খাওয়ার স্যালাইন, বেবি-জিংক, মায়ের বুকের দুধ ও বাড়ন্ত খাবার (সুজি, খিচুড়ি প্রভৃতি) দেওয়া হচ্ছে। রোগীকে স্যালাইনের পাশাপাশি স্বাভাবিক খাবার দিতে হবে। তিনি আরও বলেন, বারবার পানির মতো পাতলা পায়খানা হলে, বেশি পিপাসা লাগলে, ঘন ঘন বমি হলে, পায়খানার সঙ্গে রক্ত গেলে ও গায়ে জ্বর থাকলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। এ রোগ এড়াতে ময়লাযুক্ত ও খোলা খাবার খাওয়া যাবে না। আর বিশুদ্ধ পানি পান করতে হবে।