১০ দিনেও আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনার ১০ দিনেও এলাকায় স্বস্তি ফেরেনি। ঘটনার মূল হোতারা গ্রামছাড়া হলেও আবারও হামলার ভয়ে এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন। বন্ধ আছে ওই এলাকার ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য কাজকর্ম। গত রোববার এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। নীলফামারী জেলা শহর থেকে রামগঞ্জ বাজারে যেতে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে পাকা সড়কের ওপর টুপামারী ইউনিয়নের মোলোর ডাঙ্গা, টুপামারী বাজার ও রামগঞ্জ বাজারে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সেদিনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন জামায়াত-শিবিরের সমর্থক ব্যবসায়ীরাও তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। তবে গ্রামবাসী বলছেন, সেদিনের ঘটনার সঙ্গে জড়িত নন—এমন জামায়াত-শিবিরের বা বিএনপির নেতা-কর্মী এলাকায় আছেন। চিহ্নিত ব্যক্তিরা এলাকাছাড়া হলেও তাঁরা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছেন। টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের আসাদুল ইসলাম (৪৫) বলেন, ‘ঘটনার প্রায় ১০ দিনেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা সাধারণ মানুষজন আবারও হামলার ভয়ে রাত জেগে পাহারা দিই। আর যাঁরা জামায়াত-বিএনপির সমর্থক, তাঁরা গ্রামে থাকলেও গ্রেপ্তার-আতঙ্কে রাতেরবেলা লুকিয়ে থাকেন। মাঝেমধ্যে গুজব ওঠে, পালাও পালাও বলে। আমরা সবাই শান্তি চাই।’ টুপামারী ইউনিয়নের দুহুলী পাড়া গ্রামের জয়নাল আবেদীন (৬৫) বলেন, ‘এখন রাত হলে আবারও হামলার গুজব ছড়ায়, বাড়িতে বউ-বাচ্চা নিয়ে আতঙ্কে থাকি। বাড়ির পাশে ঝোপঝাড়ে গিয়ে লুকাই।’ ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদা বেগম বলেন, অপরাধীরা গা ঢাকা দিলেও মাঝেমধ্যে গ্রামে ঢুকে আতঙ্ক ছড়াচ্ছে। তেলিপাড়া গ্রামের ময়নুল হক শাহ্ বলেন, ‘হামলাকারীদের মুখে কাপড় বাঁধা ছিল। তারা এলাকার না। স্থানীয় জামায়াত-শিবির বাইরে থেকে লোকজন এনে এখানে সহিংসতা চালিয়েছে।’
সদর থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ বলেন, ওই ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আছে। তবে এখন অনেকটা স্বাভাবিক।