১০ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেন হত্যার ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গতকাল রোববারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, পলাশতলী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী মিলে গতকাল সকালে মিছিল বের করে। মিছিলটি প্রায় ১৫ কিলোমিটার অতিক্রম করে সখীপুর পৌর শহরে এসে শেষ হয়। সেখানে সখীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক সমাবেশে বক্তারা অধ্যক্ষ জামালের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।গত ২০ অক্টোবর দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বৈলারপুর গ্রামে কুপিয়ে হত্যা করা হয় অধ্যক্ষ জামালকে। এ ঘটনায় তাঁর ভাই মিনহাজুর রহমান, প্রতিবেশী আবদুল মালেক ও তাঁর ভাই শমসের আলী জড়িত বলে অভিযোগ রয়েছে। নিহত জামালের স্ত্রী পারভীন আক্তার এ ঘটনায় বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুল হক বলেন, প্রতিবেশী আবদুল মালেকের সঙ্গে পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে দুই ভাইয়ের সঙ্গে বিরোধের জের ধরে অধ্যক্ষ জামাল খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে নানা সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। এ দুটি বিষয়কে ধরেই তদন্ত চলছে। তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।