১০ দিনেও খোঁজ মেলেনি অপহূত দুই যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১০ দিন পরও কক্সবাজারের টেকনাফ পৌর যুবলীগের নেতা নুর মোহামঞ্চদ (২৯) ও তাঁর শ্যালক মো. সালমানের (২৪) সন্ধান পাওয়া যায়নি।
গত ২৬ এপ্রিল একদল লোক টেকনাফ পৌরসভার খায়ুকখালী সেতুর ওপর থেকে টেকনাফ পৌর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা নুর মোহামঞ্চদ ও তাঁর শ্যালক মো. সালমানকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সালমানের বাড়িও উত্তর জালিয়াপাড়া এলাকায়। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।
সালমানের মা গোলমেহের গতকাল প্রথম আলোকে বলেন, ২৬ এপ্রিল তিনি এ ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বাড়িতে এসে কোনো খোঁজখবর নেয়নি। উদ্ধারের ব্যাপারেও কেউ কোনো তথ্য দিতে পারছে না। তাঁর অভিযোগ, র্যাব পরিচয়ে একদল ব্যক্তি ওই দুজনকে তুলে নিয়ে গেছে।
গতকাল নুর মোহামঞ্চদের বাড়িতে গিয়ে দেখা যায়, নুর মোহামঞ্চদের স্ত্রী রাশিদা আকতার কান্নাকাটি করছেন। তাঁর কোলে দুই বছরের একমাত্র ছেলে সাহেদুর রহমান।
পাশের বাড়িতে নিখোঁজ সালমানের স্ত্রী সাবিনা আকতার সাত মাসের মেয়ে সাইমা আকতারকে নিয়ে ঘরের মেঝেতে বসে বিলাপ করছেন। আর সালমানের ছবি বুকে নিয়ে বিলাপ করছেন মা গোলমেহের।
রাশিদা আকতার বলেন, ‘অপহরণের ১০ দিন পার হলেও আমরা কোনো খোঁজ পাচ্ছি না। কেউ দায়ও স্বীকার করছে না। তাহলে দুজনকে প্রকাশ্যে বাজার থেকে অপহরণ করল কারা? তাঁরা কি জীবিত আছেন? নাকি হত্যা করে লাশ গুম করা হয়েছে—কোনো কিছুই জানতে পারছি না। আমরা কি মগের মুল্লুকে বসবাস করছি?’
একটু পরে রাশিদা আকতার বলেন, হত্যা করে সম্ভবত লাশ গুম করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, জিডির সূত্র ধরে গত ২ মে কক্সবাজার শহর থেকে ডিবি পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করে। কিন্তু গতকাল পর্যন্ত নিখোঁজ দুজনের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
র‌্যাব-৭ কক্সবাজারের সহকারী পরিচালক মেজর কাজী রাশেদুল আলম বলেন, তাঁরা টেকনাফের নুর মোহামঞ্চদ ও সালমান নামের কাউকে আটক করেননি।