১০ দিনেও খোঁজ মেলেনি কুতুবদিয়ার ২৬ জেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের মাছ ধরার ইঞ্জিন নৌকা (ট্রলার) ‘এফবি ওমর ফারুক’ ২৬ জন জেলে নিয়ে নিখোঁজ হওয়ার ১০ দিনেও সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের পরিবার-পরিজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওই জেলেরা কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর এলাকার বাসিন্দা। জেলেদের খোঁজে আত্মীয়স্বজন ও ট্রলার মালিকেরা কয়েকটি ট্রলারে করে সাগরে গিয়ে খোঁজাখুঁজি করেন। কিন্তু গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাবলেরচর এলাকার রফিক আহাম্মদের মালিকানাধীন এফবি ওমর ফারুক নৌকাটি গত ২ অক্টোবর সকালে তাবলেরচর ঘাট থেকে ২৬ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে রওনা দেয়। কয়েক দিন সাগরে মাছ ধরার পর খুলনা সুন্দরবন এলাকার সোনারচর নামক এলাকায় গত ৭ অক্টোবর রাতে নিম্নচাপের কবলে পড়ে নৌকাটির মেশিন বিকল হয়ে পড়ে। এরপর নৌকাটি আর কূলে ফিরে আসেনি। একই সঙ্গে থাকা অন্য একটি নৌকা উপকূলে ফিরে এসে এ তথ্য জানিয়েছে। এফবি ওমর ফারুকে যাঁরা ছিলেন তাঁরা হলেন: জাহাঙ্গীর আলম (৪০), মনির আহাম্মদ (২৪), জামাল উদ্দীন (৩৫), রমিজ আহাম্মদ (২৪), নেছার (৩০), গুনুমিয়া (৩২), চৌধুরী (৪০), সোহেল (২৫), কুসুম উদ্দিন (২৮), ভেট্টু মিয়া (৪০), ফোরকান (৩০), গুরামিয়া (৩২), গিয়াস উদ্দিন (৩০), হেলাল উদ্দীন (২৮), মনজুর আলম (২৮), আবদুল আজিজ (২৫), মুহাম্মদ আলম (২৬), নুরুল আবছার (২৮), আবদুর রশিদ (৩০), মানিক (২৫), আবদু মোনাফ (৪২), মোহাম্মদ খোকন (৩২), নুরুল আবছার (৩৪), রাহামত উল্লাহ (২২), জসিম উদ্দিন (২৫) ও আয়াত উল্লাহ (৩০)। এ বিষয়ে নৌকার মালিক রফিক আহাম্মদ কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আলম বলেন, এখনো নিখোঁজ ইঞ্জিন নৌকাটির সন্ধান পাওয়া যায়নি।