১০ দিনেও খোঁজ মেলেনি শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের রেল কলোনি থেকে নিখোঁজ চার বছরের শিশুটির সন্ধান গত ১০ দিনেও মেলেনি। ১৬ ফেব্রুয়ারি সে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতে শিশুটির বাবা রাজবাড়ী সদর থানায় জিডি করেন।
নিখোঁজ শিশুর নাম মহসিন হোসেন ওরফে সোয়াদ (৪)। সে শহরের রেল কলোনি কুলিপট্টি এলাকার রানা আহমেদের ছেলে।
শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, মহসিন ১৬ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে খাওয়ার জন্য মহসিন বাড়ি আসে। কিন্তু বাড়িতে মাকে না পেয়ে আবার বের হয়ে যায়। এর পর থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর থানায় জিডি করেন তার বাবা। হারিয়ে যাওয়ার সময় শিশুটির পরনে ছিল সবুজ-সাদা ডোরাকাটা টুপিওয়ালা সোয়েটার ও একই রঙের পাজামা। মহসিনের বাঁ হাতের কবজিতে পোড়া দাগ আছে।
রানা আহমেদ বলেন, তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। সন্তান কীভাবে উধাও হয়ে গেল, তা তাঁরা কোনোভাবেই বুঝতে পারছেন না।
ওসি শহিদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।