১০ দিনেও সন্ধান মেলেনি অটোবাইকচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্ত মোল্লা
শান্ত মোল্লা

১০ দিনেও সন্ধান মেলেনি পাবনার ঈশ্বরদী উপজেলার ব্যাটারিচালিত অটোবাইকের চালক শান্ত মোল্লার। অটোবাইকটি ভাড়া নেওয়ার কথা বলে ২০ অক্টোবর শান্তকে মুঠোফোনে কে বা কারা ডেকে নিয়েছিলেন বলে দাবি তার স্বজনদের।
শান্তর (১৭) বাড়ি উপজেলার নারিচা গ্রামে। তার বাবা লুলু মোল্লাও অটোবাইকের চালক। বছর খানেক আগে তিনি শান্তকে ওই অটোবাইকটি কিনে দেন। শান্ত সেটি ভাড়ায় চালাত।
শান্তর চাচা শাবান মোল্লা বলেন, ঘটনার দিন সন্ধ্যায় শান্ত শহরের বকুলের মোড়ে ছিল। এ সময় মুঠোফোনে এক ব্যক্তি অটোবাইক ভাড়া নেওয়ার কথা বলে শান্তকে দাশুড়িয়া মোড়ে আসতে বলেন। মোড়ের লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, ফোন পেয়েই শান্ত রওনা দেয়। কিন্তু রাত আটটার পরে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ২১ অক্টোবর ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু এখন পর্যন্ত শান্তর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে অপহরণকারীদের কাছ থেকে শান্তকে উদ্ধার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী শহরে মানববন্ধন ও পথসভা হয়েছে। উপজেলা অটোবাইক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ঈশ্বরদী বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন উপজেলা অটোবাইক মালিক সমিতির সভাপতি আশরাফুল আবেদীন, সমিতির নেতা ফিরোজ বিশ্বাস ও শান্তর বাবা লুলু মোল্লা।
ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত শুরু করা হয়েছে।