১০ দিনেও সরেনি সেই মাটির সিঁড়ি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সামনে রেখে সিলেট নগরের অতি গুরুত্বপূর্ণ চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের এক পাশে ওঠানামার জন্য মাটি দিয়ে একধরনের সিঁড়ি তৈরি করা হয়েছিল। তবে সিঁড়িটি তৈরির পরদিনই প্রধানমন্ত্রী ওই সভা বাতিল করায় সিঁড়িরও প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। কিন্তু সভা বাতিলের ১০ দিন পরও সিঁড়িটি অপসারণ করা হয়নি। এতে যান চলাচলে সমস্যার পাশাপাশি ওই এলাকায় দেখা দিচ্ছে যানজটও।
আওয়ামী লীগের মহানগর শাখার দুজন নেতা জানিয়েছেন, ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী সিলেট সফর করে গেছেন। এই সফরকালে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। জনসভাস্থলটি মাটি থেকে একটু উঁচু হওয়ায় সেখানে যাতায়াতের জন্য ১৯ নভেম্বর মূল সড়কের অর্ধেক অংশ দখল করে মাটি দিয়ে একধরনের সিঁড়ি তৈরি করা হয়েছিল। তবে জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় প্রধানমন্ত্রী ২০ নভেম্বর সেই সভা বাতিল করেন।
গতকাল মঙ্গলবার বেলা তিনটায় সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম চৌহাট্টা-রিকাবীবাজার সড়ক ধরে বিভিন্ন ধরনের যানবাহন চলছে। তবে চার থেকে পাঁচ ফুট উচ্চতার মাটির তৈরি সিঁড়িটির কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে।
মাটির সিঁড়িটি সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বানিয়েছিল। এ বিষয়ে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিগগিরই এই মাটির সিঁড়ি অপসারণ করা হবে।