হরতাল-অবরোধের কারণে চারবার স্থগিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার এইচ ও জি ইউনিটের পরীক্ষা গতকাল শেষ হয়েছে।
এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হলো। নভেম্বরের ১৬ তারিখ থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল একই মাসের ২৫ নভেম্বর। কিন্তু হরতাল-অবরোধের কারণে বেশ কয়েকটি ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত হয়। পরে হরতাল ও অবরোধের ফাঁকে ফাঁকে স্থগিত হওয়া কয়েকটি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ করতে পারলেও জীববিজ্ঞান (এইচ ইউনিট) ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের (জি ইউনিট) পরীক্ষা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারবার স্থগিত হওয়া এই দুই ইউনিটের পরীক্ষা অবশেষে গতকাল শেষ হয়েছে। এ ছাড়া স্থগিত হওয়া বেশ কয়েকটি ইউনিটের সাক্ষাৎকারের নতুন তারিখও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।